বিশ্বকাপের পরেও শ্রীরামকে চান সাকিব

আপডেট : ০৩ নভেম্বর ২০২২, ০৭:৩৩ পিএম

শ্রীধরন শ্রীরামের সঙ্গে বিসিবির চুক্তি এই বিশ্বকাপ পর্যন্ত। এরপর বাংলাদেশ দলের টি-টোয়েন্টি কনসালট্যান্ট হিসেবে শ্রীরামের মেয়াদ বাড়বে কিনা তা এখনো ঝুলে আছে। যদি থেকে যান তবে কনসালট্যান্ট পদবি উঠে টি-টোয়েন্টি কোচ হবেন কিনা তাও অজানা। তবে অধিনায়ক সাকিব আল হাসান চাইছেন শ্রীরাম থাকবেন। অল্প সময় নয়, লম্বা সময়ের জন্য তাকে দলের সঙ্গে চান সাকিব।

গত আগস্টে এশিয়া কাপ ও বিশ্বকাপের জন্য বাংলাদেশ টি-টোয়েন্টি দলের দায়িত্ব দেওয়া হয় শ্রীরামকে। হেড কোচ হিসেবে রাসেল ডমিঙ্গো এখনো বহাল থাকায় শ্রীরামের পদবি হয় টেকনিক্যাল কনসালট্যান্ট। এই আসরে বাংলাদেশ সেমিফাইনালে উঠতে ব্যর্থ হলে বর্তমান চুক্তিমতো শ্রীরামকে আর এক ম্যাচ পাচ্ছে বাংলাদেশ।

তবে শ্রীরামের প্রশংসা করে অন্য ইঙ্গিতই দিলেন সাকিব। শ্রীরামের কোচিংয়ে আড়াই মাসে ১২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে বাংলাদেশ।

সাকিবের মতে, এই অল্প সময়ে বেশ ভালো কাজ করেছেন টেকনিক্যাল কনসালট্যান্ট ‘আমি মনে করি তিনি ভালো করেছেন। উনি আসার পর কিছু নির্দিষ্ট পরিকল্পনার কথা বলেছেন, যেগুলো নিয়ে কাজ করতে চান। ছেলেদের সঙ্গে ভালো আছেন তিনি। তিনি যেভাবে কথা বলেন ছেলেরা সেটি পছন্দ করে। তার কোচিংয়ে আমরা সম্ভবত ৫-৬টি (আসলে ১১) ম্যাচ খেলেছি। এই অল্প সময়ে আমি মনে করি, এই তরুণ দলের জন্য তিনি খুব ভালো করেছেন। আমি আশা করি তিনি বাংলাদেশের সঙ্গে আরও কাজ করবেন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত