টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে ফেভারিটের তালিকায় ওপরের দিকে ছিল পাকিস্তানের নাম। তবে ভারতের পর জিম্বাবুয়ের বিপক্ষেও হারায় সুপার টুয়েলভ পর্ব থেকেই বিদায়ের শঙ্কা জাগে তাদের। পরে অবশ্য নেদারল্যান্ডস ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় তুলে নিয়েছে বাবর আজমরা। সুবাদে শেষ চারের লড়াইয়েও টিকে আছে দলটি।
সুপার টুয়েলভ পর্বে পাকিস্তানের শেষ ম্যাচ বাংলাদেশের বিপক্ষে। সেমিফাইনাল খেলতে হলে এই ম্যাচটাও জিততেই হবে তাদের। একই সঙ্গে তাকিয়ে থাকতে হবে অন্যদের দিকে।
গ্রুপ-২ এ চার ম্যাচে দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে পাকিস্তান। বাংলাদেশের বিপক্ষে আগামী রবিবার অ্যাডিলেডে খেলবে তারা। ওই দিন মাঠে নামবে গ্রুপের শীর্ষ দুই দল ভারত ও দক্ষিণ আফ্রিকাও।
বাংলাদেশকে হারানোর পাশাপাশি পাকিস্তানের প্রার্থনা করতে হবে দক্ষিণ আফ্রিকা যেন হেরে যায় নেদারল্যান্ডসের বিপক্ষে বা ভারত হেরে যায় জিম্বাবুয়ের বিপক্ষে।
দক্ষিণ আফ্রিকা চার ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে। সমান ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে ভারত। নিজেদের শেষ ম্যাচে নেদারল্যান্ডসকে হারালেই সেমিতে উঠে যাবে প্রোটিয়ারা। তবে টেম্বা বাভুমার দল যদি হেরে যায় বা ম্যাচ বৃষ্টিতে ভেসে যায়, তখন পাকিস্তানের সমীকরণ সহজ হয়ে যাবে। সে ক্ষেত্রে বাংলাদেশের বিপক্ষে জিতলেই শেষ চারে পা রাখতে বাবর আজমের দল।
আবার দক্ষিণ আফ্রিকা যদি জিতে যায় আর ভারত জিম্বাবুয়ের বিপক্ষে হেরে যায়, তখন বাংলাদেশকে হারিয়ে নেট রান রেটের সুবিধা নিয়ে সেমিতে যেতে পারে পাকিস্তান।
ছয় দলের এই গ্রুপ থেকে মোট দুই দল যাবে সেমিফাইনালে। ভারত, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্ভাবনাও জিইয়ে আছে এখনও। সব মিলিয়ে এই গ্রুপ এখনও উন্মুক্ত বলা চলে।
