পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের চেয়ারম্যান ইমরান খানের ওপর হামলার ঘটনায় দেশজুড়ে বিক্ষোভ করছে দলটির নেতাকর্মীরা। এর আগে দলটির শীর্ষ নেতৃত্ব জানিয়েছিল শুক্রবার (৪ নভেম্বর) জুমার নামাজের পর দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।
পাকিস্তানের করাচি, ইসলামাবাদ, লাহোর, কোয়েটা, পেশাওয়ার, মালাকান্দ, রাজনপুর, বাহাওয়ালনগরে, মুজাফফরগড় ও কোহাটসহ বড় বড় শহরে বিক্ষোভ করছে পিটিআই।
লাহোরে পিটিআইয়ের কর্মী ও সমর্থকরা থোকার নিয়াজ বেইগে জড়ো হয়েছেন। সেখানে সিনেটর এজাজ চৌধুরী বিক্ষোভের নেতৃত্ব দিচ্ছেন।
বাহাওয়ালনগরে রফিক শাহের বিক্ষোভ চলছে, অন্যদিকে রাজনপুরে সমর্থকরা চক এলাহাবাদ, রোজান, ফাজিলপুর, জামপুরে অবস্থান কর্মসূচি পালন করছে।
সমর্থকরা রাজনপুরে তাদের দলীয় প্রধানের উপর হামলার বিরুদ্ধেও স্লোগান দিচ্ছে। বিক্ষোভকারীরা সিন্ধু মহাসড়ক অবরোধ করেছে। কোয়েটায় দলীয় কর্মীরা মান্নান চকে বিক্ষোভ করছে। সেখানে প্রাদেশিক নেতারাও উপস্থিত রয়েছেন।
পেশাওয়ারে বিক্ষোভকারীরা মোটরওয়ে ইন্টারচেঞ্জে জড়ো হয়েছে। তারা ফেডারেল সরকারের বিরুদ্ধে এবং ইমরান খানের পক্ষে স্লোগান দিচ্ছেন।
ইসলামাবাদে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস ছুড়েছে পুলিশ।
আরও পড়ুন...
যেভাবে প্রাণে বাঁচলেন ইমরান খান, প্রশংসায় ভাসছেন সেই যুবক
জুমার নামাজের পরে পাকিস্তানজুড়ে বিক্ষোভের ডাক
