সংগ্রামের দুই দশক পূর্ণ করেছে গণসংহতি আন্দোলন। আর রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশের সাত বছর পূর্ণ হয়েছে। এ উপলক্ষে গতকাল শুক্রবার দলটি রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে সমাবেশ করেছে।
সমাবেশে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, ‘সরকার একটা নির্বাচন নির্বাচন খেলার আয়োজন করতে চায়। সবাইকে বলবে, আসেন, নির্বাচন করি। আমরা ইভিএম এনেছি, স্বচ্ছ ব্যালট এনেছি। তারপর সবকিছু চলবে। কিন্তু নির্বাচনের দিন আপনি আর ভোট দিতে পারবেন না। নির্বাচন নির্বাচন খেলা চলবে। কিন্তু মানুষের ভোটের অধিকার থাকবে না।’
জোনায়েদ সাকি বলেন, ‘আমরা সাত বছর ধরে এ দেশে গণতান্ত্রিক ব্যবস্থার জন্য লড়াই করে আসছি। আর এই সরকার কী করছে, বলছে, তারা যে ফ্যাসিবাদ, কর্তৃত্ববাদ কায়েম করছে, এটাই নাকি চিরস্থায়ী থাকবে। এই হচ্ছে বাংলাদেশের অবস্থা। এ অবস্থা যদি চলে এ দেশের সার্বভৌমত্ব থাকবে না।’
সমাবেশে গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল বলেন, ‘এই সরকার হচ্ছে মানুষকে লাথি মারা, মানুষের জবান কেড়ে নেওয়ার, টাকা পাচার করার, মিথ্যা কথা বলার, মানুষকে ভয় দেখানোর সরকার।’
সমাবেশে বক্তব্য দেন দলের রাজনৈতিক পরিষদ সদস্য তাসলিমা আখতার, হাসান মারুফ রুমী, মনির উদ্দীন পাপ্পু, সম্পাদকমণ্ডলীর সদস্য দীপক রায়, তরিকুল সুজন প্রমুখ।
