গৌরীপুরে গাছে বেঁধে বৃদ্ধকে নির্যাতন, উদ্ধার করল পুলিশ

আপডেট : ০৫ নভেম্বর ২০২২, ০২:৫৭ এএম

ময়মনসিংহের গৌরীপুরে মামলা করায় আসামিরা জামিনে বেরিয়ে বাদীর বাবা আবদুল হামিদ খান পাঠান ওরফে তারা মিয়াকে (৭০) বাড়ি থেকে ধরে নিয়ে গাছে বেঁধে নির্যাতন করেছে। বাবাকে উদ্ধার করতে ৯৯৯ নাম্বারে ফোন করে মেয়ে লাইলী আক্তার।

গতকাল শুক্রবার বোকাইনগর ইউনিয়নের নিজামাবাদ বাসাবাড়ি গ্রাম থেকে আসামিদের বাড়িতে গাছে বাঁধা অবস্থায় বৃদ্ধকে উদ্ধার করে পুলিশ। নির্যাতনের শিকার তারা মিয়াকে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

তারা মিয়া বলেন, ‘আমার ছেলে রুবেল মিয়ার ৪০ শতাংশ জমি জোর করে দখলের পাঁয়তারা করছে হাবিবুর রহমান আবু, আশিক খান পাঠান, আছিয়া খাতুন, কালা মিয়া খান পাঠান ও নয়ন মিয়া খান পাঠান। আমার ছেলে বাদী হয়ে ময়মনসিংহ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে গত ২ আগস্ট মামলা করে। বৃহস্পতিবার আদালত থেকে জামিনে বেরিয়ে আসে আসামিরা।’

তিনি বলেন, ‘জামিনে বেরিয়েই ছেলে রুবেল মিয়াকে হত্যার উদ্দেশ্যে খোঁজাখুঁজি করতে থাকে। শুক্রবার সকালে বাড়িতে এসে ছেলেকে না পেয়ে আমাকে ধরে নিয়ে যায়। ওদের বাড়িতে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করে।’

বাদী রুবেল মিয়া জানান, তার বাবাকে ধরে নিয়ে যাওয়ার খবর পেয়ে তিনি গৌরীপুর থানায় ছুটে যান। তার ছোট বোন লাইলী আক্তার ৯৯৯ নাম্বারে কল করে। গৌরীপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. হানিফ মিয়া নির্যাতন চলাকালে তার বাবাকে উদ্ধার করেন। তাকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এএসআই হানিফ মিয়া জানান, বৃদ্ধ আবদুল হামিদ খান পাঠান ওরফে তারা মিয়াকে গাছে বাঁধা অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।

গৌরীপুর থানার ওসি খান আবদুল হালিম সিদ্দিকী জানান, এ বিষয়ে অভিযোগ পেলে ব্যবস্থা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত