বরিশালে বিএনপির সমাবেশে যোগ দিতে যাওয়া নেতাকর্মীদের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের প্রতিবাদে রাজধানীতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল হয়েছে।
শনিবার (৫ নভেম্বর) বিকেলে নয়াপল্টন থেকে শুরু হয়ে কাকরাইল হয়ে নয়াপল্টনে শেষ হয় বিক্ষোভ মিছিলটি।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু, তরিকুল ইসলাম তেনজিং, আব্দুর রহিম, যুবদল নেতা গোলাম মাওলা শাহীন, এনামুল হক, মেহেবুব মাসুম শান্ত, স্বেচ্ছাসেবক দলের নেতা নাজমুল আহসান, শফিউদ্দিন উদ্দিন সেন্টু, ডা. জাহিদ হোসেনসহ সহস্রাধিক নেতাকর্মী।
এর আগে, সমাবেশে যোগ দিতে ঢাকা থেকে বরিশাল যাওয়ার পথে বিএনপি নেতা ও ঢাকার মেয়র প্রার্থী ইশরাক হোসেন, কেন্দ্রীয় নেতা রিয়াজুল ইসলাম রিজু, আশরাফ উদ্দিন বকুল, আব্দুল কাদির ভুইয়া জুয়েল, সেলিনা সুলতানা নিশিতাসহ নেতাকর্মীদের গাড়ি বহরে হামলা করে আওয়ামী লীগ সন্ত্রাসীরা। এ সময় অসংখ্য গাড়ি ভাংচুর করা হয়। বহরে থাকা নেতাকর্মীদের ওপরও হামলা করে। এর প্রতিবাদেই নয়াপল্টনে বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিল শেষে রুহুল কবির রিজভী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী সন্ত্রাসীরা বিএনপির গাড়ি বহরে হামলা করেছে। বিএনপির সমাবেশ বানচাল করতে এ হামলা করা হয়েছে। নানা কর্মকাণ্ড করে তারা জনগণের স্রোত ঠেকাতে না পেরে এখন সন্ত্রাসী পথ বেছে নিয়েছে।
রুহুল কবির রিজভী হু উচ্চারণ করে বলেন, হামলা-মামলা করে বিএনপি তথা জনস্রোত ঠেকানো যাবে না। সকল বাধা জয় করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে দেশবাসী ঐক্যবদ্ধ। এ সরকারের পতন এখন সময়ের ব্যাপার মাত্র।
