মেডিয়েশনের (মধ্যস্থতা) মাধ্যমে রাষ্ট্র, আইন ও বিচারঙ্গন এবং সমাজ জীবনে শান্তি স্থাপন ও এর প্রচারে অবদান রাখায় মেডিয়েশন স্বর্ণপদক পেয়েছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের দুই বিচারপতি ও এক সাংবাদিক।
তারা হলেন বিচারপতি মো. আশরাফুল কামাল, বিচারপতি আহমেদ সোহেল ও অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্টের জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেদী হাসান ডালিম।
শনিবার (৫ নভেম্বর) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে তাদের এ সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানটি আয়োজন করে বাংলাদেশ ইন্টারন্যাশনাল মেডিয়েশন সোসাইটি (বিমস) ও বাংলাদেশ ল’ টাইমস (বিএলটি)। বিমস প্রবর্তিত মেডিয়েশন স্বর্ণ পদক অনুষ্ঠানে নেদারল্যান্ডের আরবিট্রেশন কমিটির স্থায়ী সদস্য ও বাংলাদেশ আইন কমিশনের সাবেক চেয়ারম্যান সাবেক বিচারপতি মোহাম্মদ আব্দুর রশিদ তাদের হাতে পুরষ্কার তুলে দেন। সম্মাননা হিসেবে স্বর্ণপদক, ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে বিমসের চেয়ারম্যান অ্যাডভোকেট সমরেন্দ্র নাথ (এসএন) গোস্বামী, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোমতাজ উদ্দিন ফকির, সম্পাদক অ্যাডভোকেট আব্দুন নূর দুলাল, ঢাকা পোস্টের সম্পাদক মহিউদ্দিন সরকার, বিমসের রিজওনাল ডিরেক্টর ড. নম্রতা পান্ডে প্রমুখ বক্তব্য দেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও অ্যাক্রিডিটেড মেডিয়েটর অ্যাডভোকেট পঙ্কজ কুমার কুন্ডু।
প্রসঙ্গত, ২০২১ সালে মেডিয়েশনের মাধ্যমে আইন, বিচার অঙ্গন, রাষ্ট্রীয় ও সমাজ জীবনে শান্তি স্থাপনে অবদান রাখায় আন্তর্জাতিক মেডিয়েশন স্বর্ণ পদকের জন্য বাংলাদেশ, ভারত ও কেনিয়ার পাঁচ বিচারপতি ও এক সাংবাদিকের নাম ঘোষণা করে বিমস।
