মেডিয়েশনের (মধ্যস্থতা) মাধ্যমে রাষ্ট্র, আইন ও বিচারাঙ্গন এবং সমাজজীবনে শান্তি স্থাপন ও এর প্রচারে অবদান রাখায় মেডিয়েশন স্বর্ণপদক পেয়েছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের দুই বিচারপতি ও এক সাংবাদিক। তারা হলেন বিচারপতি মো. আশরাফুল কামাল, বিচারপতি আহমেদ সোহেল ও অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্টের জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেদী হাসান ডালিম। গতকাল শনিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে তাদের এ সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠান আয়োজন করে বাংলাদেশ ইন্টারন্যাশনাল মেডিয়েশন সোসাইটি (বিমস) ও বাংলাদেশ ল টাইমস (বিএলটি)। বিমস প্রবর্তিত মেডিয়েশন স্বর্ণপদক অনুষ্ঠানে নেদারল্যান্ডসের আরবিট্রেশন কমিটির স্থায়ী সদস্য ও বাংলাদেশ আইন কমিশনের সাবেক চেয়ারম্যান সাবেক বিচারপতি মোহাম্মদ আব্দুর রশিদ তাদের হাতে পুরুস্কার তুলে দেন। সম্মাননা হিসেবে স্বর্ণপদক, ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়।
