সরকারি কর্মচারীদের গ্রেপ্তারের আগে নিয়োগকারী কর্তৃপক্ষের অনুমতির বিধান বাতিল করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি পেয়েছে রাষ্ট্রপক্ষ। গতকাল রবিবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে গঠিত আপিল বেঞ্চ রাষ্ট্রপক্ষের লিভ টু আপিল (আপিলের অনুমতির আবেদন) মঞ্জুর করে এ আদেশ দেয়।
গত ২৫ আগস্ট বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বে গঠিত হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ সংশ্লিষ্ট ধারার বৈধতা নিয়ে দেওয়া রুল যথাযথ ঘোষণা করে রায় দেয়। ওই রায়ে সরকারি কর্মচারী আইনের ৪১ (১) ধারা সংবিধান পরিপন্থী বলে ঘোষণা করে।
রায়ে বলা হয়, ‘সংবিধান অনুযায়ী আইনের দৃষ্টিতে সবাই সমান। কিন্তু এই ধারায় নির্দিষ্ট করে কাউকে সুরক্ষা দেওয়ার বিধান সংবিধান পরিপন্থী ও বেআইনি।’ পরে হাইকোর্টের এ রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ চেম্বার আদালতে আবেদন করলে আদালত সেটি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠায়।
গতকাল আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ। অপরপক্ষে ছিলেন আইনজীবী মনজিল মোরসেদ।
রাষ্ট্রপক্ষের আইনজীবী শেখ মোহাম্মদ মোরশেদ দেশ রূপান্তরকে বলেন, ‘আমাদের লিভ টু আপিল শুনানির জন্য গ্রহণ করেছে আপিল বিভাগ। আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত হাইকোর্টের রায় স্থগিত থাকবে বলে আদেশে বলেছে আদালত।’
এর আগে গত ১ সেপ্টেম্বর রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগ হাইকোর্টের রায় ২৩ অক্টোবর পর্যন্ত স্থগিতের নির্দেশ দিয়ে রাষ্ট্রপক্ষকে লিভ টু আপিলের নির্দেশ দেয়।
