অনেক প্রমাণ আছে জিয়া বঙ্গবন্ধুকে হত্যা করেছেন: তাজুল

আপডেট : ০৭ নভেম্বর ২০২২, ০৫:৩৩ পিএম

কুমিল্লার লাকসাম উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম। 

সোমবার (৭ নভেম্বর) সকালে কুমিল্লার লাকসাম উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী তাজুল ইসলাম বলেন, জিয়াউর রহমান বঙ্গবন্ধুকে হত্যা করেছেন তার অনেক প্রমাণ আছে, পরবর্তীতে বঙ্গবন্ধুর খুনিদের রক্ষা করেছে জিয়া। বিভিন্ন দেশে পালিয়ে যেতে সহযোগিতা করেছে জিয়াউর রহমান। 
মন্ত্রী তাজুল ইসলাম বলেন, বাংলাদেশের মানুষ কখনো তাকে ক্ষমা করবে না। ১৫ আগস্ট আমাদের বুকে রক্তক্ষরণ হয়। আর তারা খালেদা জিয়ার কথিত জন্মদিন পালন করে।  

তাজুল ইসলাম বলেন, বিএনপির মির্জা ফখরুল ইসলাম বলেছেন আওয়ামী লীগ থেকে নাকি ক্ষমতা ছিনিয়ে নেবে। ছিনিয়ে নেয়ার রাজনীতি তো মির্জা ফখরুলরা করেন, ওরা তো ছিনতাইকারী, তাহলে ছিনিয়ে নেয়া তো ছিনতাইকারীর কাজ। আওয়ামী লীগ জনগণের দল, বারবার বাংলাদেশের মানুষের ভোটে নির্বাচিত হয়ে দেশ পরিচালনা করেছে, আজ বাংলাদেশ বিশ্বে রোল মডেল। 

মো. তাজুল ইসলাম বলেন, বিএনপি ক্ষমতা ছিনিয়ে নিতে চায়, আবারো অবৈধভাবে ক্ষমতায় যেতে চায় বিএনপি। আর আওয়ামী লীগ জনগণের রায় নিয়ে ক্ষমতায় থাকতে চায়। দেশের জনগণ ছিনতাইকারীদের ক্ষমতা দেবেন না। 

সম্মেলনে প্রধান বক্তা ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক। 
বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর। 

লাকসাম উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ইসহাক মিয়ার সভাপতিত্বে সম্মেলনে আওয়ামী লীগের কেন্দ্রীয় ও জেলা উপজেলা নেতৃবৃন্দ বক্তব্য দেন।

সম্মেলনে লাকসাম উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইউনুস ভূঁইয়াকে লাকসাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা ভাইস-চেয়ারম্যান মো. মহব্বত আলীকে সাধারণ সম্পাদক করা হয়। লাকসাম পৌর আওয়ামী লীগের সভাপতি করা হয় তাবারক উল্লাহ কায়েসকে ও সাধারণ সম্পাদক করা হয় অ্যাডভোকেট রফিকুল ইসলাম হিরাকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত