এখনো হোটেলে গেলে লুকানো ক্যামেরা খোঁজেন দিয়া মির্জা

আপডেট : ০৭ নভেম্বর ২০২২, ০৬:১৪ পিএম

ডিজিটাল মিডিয়ার যুগে তারকারা সব সময়ই লেন্সবন্দি। সারাক্ষণই তাদের পেছনে তাড়া করছে ক্যামেরা। সম্প্রতি অস্ট্রেলিয়া সফরে গিয়ে বিরাট কোহলির হোটেলের ঘরের ছবি প্রকাশ্যে আসায় ক্ষুব্ধ হন তার স্ত্রী আনুশকা শর্মা। সেই ঘটনায় ক্ষুব্ধ হন বিরাট কোহলিও।

এমনই এক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন দিয়া মির্জা, প্রায় এক দশক আগে। তার পর থেকে কোনো হোটেলে গেলে খুঁটিয়ে সেই ঘর পর্যবেক্ষণ করেন দিয়া। সেই ঘরে কোনো লুকানো ক্যামেরা রয়েছে কি না, সে বিষয়ে দারুণ সর্তক অভিনেত্রী।

কিন্তু কী এমন হয়েছিল, যাতে এতটা সজাগ অভিনেত্রী?

২০০১ সালে 'র‍্যাহনা হ্যায় তেরে দিল মে' ছবিটি দিয়ে বলিউডে অভিষেক হয় দিয়া মির্জার। এই ইন্ডাস্ট্রিতে দুদশক পার করে ফেলেছেন তিনি। কিন্তু কেরিয়ারের শুরুর দিকে হোটেলের বাথরুমে তার স্নান করার ভিডিও ছড়িয়ে পড়ে। যার ফলে ভোগান্তি পোহাতে হয় অভিনেত্রীকে। তার পর থেকে অসম্ভব সচেতন হয়ে পড়েন তিনি। দিয়া এক সক্ষাৎকারে বলেন, 'বাইরে কোথাও গেলে ভীষণ সর্তক থাকি আমি।'

দিন কয়েক আগে আনুশকা শর্মাও বেশ রেগে গিয়ে বলেন, 'অনুরাগীরা মাঝেমাঝে তারকাদের ব্যক্তিগত পরিসরে ঢোকার চেষ্টা করেন, সেটা খুবই খারাপ।' তিনি আরো বলেন, 'অনেকেই ভাবেন, হয়তো তারকাদেরই কেবল এমন সমস্যার মুখে পড়তে হয়। আমি তাদের জিজ্ঞেস করতে চাই,‌ তাদের শোওয়ার ঘরে এমনটা হলে কী করবেন?'

২০০০ সালে এক সৌন্দর্য প্রতিযোগিতায় জয়ী হয়ে গ্ল্যামার-বিশ্বে যাত্রা শুরু দিয়ার। সেই থেকে দেখতে দেখতে এতগুলো বছর পার করে ফেলেছেন তিনি। সদ্য ৪০-এ পা দিয়েছেন অভিনেত্রী। ছেলে ও স্বামীর সঙ্গে নিজের সুখী গৃহকোণ সাজিয়েছেন দিয়া মির্জা। কিন্তু আজো হোটেলের ঘরে লুকানো ক্যামেরার আতঙ্ক যায়নি 'থাপ্পড়'-এর 'শিবানী'র। সূত্র : দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

×
সর্বশেষ সর্বাধিক পঠিত