নিখোঁজ বুয়েট ছাত্রের লাশ শীতলক্ষ্যা থেকে উদ্ধার

আপডেট : ০৭ নভেম্বর ২০২২, ১০:১১ পিএম

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং তৃতীয় বর্ষের নিখোঁজ ছাত্র ফারদিন নূর পরশের (২৪) লাশ উদ্ধার করেছে পুলিশ। 

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে তার লাশ উদ্ধার হয় বলে পুলিশ জানায়। সোমবার বিকেলে লক্ষ্মী নারায়ণ কটন মিলের পেছনে লাশটি পাওয়া যায়। পুলিশ লাশটি উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর নৌ থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে।

ফারদিন নূর নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের নয়ামাটি এলাকার কাজী নুরউদ্দিনের ছেলে। তবে তারা বর্তমানে রাজধানীর ডেমরার কোনাপাড়া শান্তিবাগ এলাকায় বাস করতেন।

পূর্বশত্রুতার জেরে কেউ ফারদিনকে হত্যা করে থাকতে পারে বলে ধারণা করছে পরিরবার।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান বলেন, ৪ নভেম্বর ফারদিন নূর নিখোঁজ হন। এ ঘটনায় নিখোঁজের বাবা কাজী নুরুউদ্দিন রাজধানীর রামপুরা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। লাশ উদ্ধারের পর নারায়ণগঞ্জ সদর নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

জিডিতে কাজী নুরুউদ্দিন উল্লেখ করেন, ৪ নভেম্বর ফারদিন কোনাপাড়ার বাসা থেকে বুয়েট আবাসিক হলের উদ্দেশে বের হয়ে যান। শুক্রবার হলে থেকে শনিবার পরীক্ষা দিয়ে বাসায় ফিরে আসার কথা ছিল তার। পরবর্তী সময়ে জানতে পারেন, ফারদিন পরীক্ষায় অংশগ্রহণ করেননি। ছেলের ফোন নম্বরে তারা যোগাযোগের চেষ্টা করেন। কিন্তু তা বন্ধ পাওয়া যায়। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি।

কাজী নুরউদ্দিন বলেন, লাশ পচে ফুলে গেছে। লাশের সঙ্গে তার ছেলের ব্যবহৃত দামি ফোন, ঘড়ি ও মানিব্যাগ পাওয়া গেছে। কিছুই খোয়া যায়নি। তার ছেলে সুস্থ স্বাভাবিক জীবন যাপন করতেন। ডিসেম্বরে স্পেনের মাদ্রিদে আয়োজিত একটি ডিবেটিং অনুষ্ঠানে তার অংশ নেওয়ার কথা ছিল। পূর্বশত্রুতার জেরে কেউ ফারদিনকে হত্যা করে থাকতে পারে বলে ধারণা করছেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত