অবৈধ সম্পদ অর্জনের মামলায় চাঁদপুরের ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান সেলিম খানের জামিন শুনানির জন্য আজ (৮ নভেম্বর) দিন ধার্য রয়েছে।
ঢাকা মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামানের আদালতে এ শুনানি হবে। তার আইনজীবী শাহিনুর রহমান বিষয়টি জানিয়েছেন।
এর আগে, গত ১২ অক্টোবর একই আদালত সেলিম খানের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। গত ১ আগস্ট সেলিম খানের বিরুদ্ধে দুদকের সহকারী পরিচালক আতাউর রহমান বাদী হয়ে সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ মামলাটি দায়ের করেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, দুদকের অনুসন্ধানে সেলিম খানের নামে ৩৪ কোটি টাকার স্থাবর-অস্থাবর সম্পদের তথ্য মিলেছে। জমি, বাড়ি ও ফ্ল্যাটসহ সম্পদের দালিলিক মূল্য অনুযায়ী মোট সম্পদের হিসাব করা হয়েছে। অনেক ক্ষেত্রে তিনি সম্পদের দাম কম উল্লেখ করে দলিল রেজিস্ট্রি করেছেন। প্রকৃত ও বাজারমূল্য অনুযায়ী তার নামের স্থাবর-অস্থাবর সম্পদের মোট মূল্য শতকোটি টাকা ছাড়িয়ে যাবে।
‘বালুখেকো’ হিসেবে পরিচিত সেলিম খানের বিরুদ্ধে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে কয়েক হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে।
