নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার কাশীপুর থেকে শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়া শহীদ মিনারে ঘুরতে আসা এক কিশোরীকে তিন দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগে দুই নারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ।
উদ্ধার করা হয়েছে গণধর্ষণের শিকার ওই কিশোরীকে।
মঙ্গলবার দুপুরে ধর্ষণের শিকার ওই কিশোরীর মা বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় সাতজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো তিনজনের নামে মামলা দায়ের করেন।
গ্রেপ্তাররা হলো শহরের ডনচেম্বার এলাকার আশিক, ফতুল্লা কায়েমপুর এলাকার স্ত্রী রুনা (৩৫), কুমিল্লা জেলার দেবিদ্বার থানার মধুপুর এলাকার সুমি আক্তার ও দেওভোগ পনি ট্যাংকি এলাকার অভি।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক (এস আই) শ্রী রূপন চন্দ্র সরকার জানান, সোমবার রাতে আমরা অভিযোগে জানতে পারি এক কিশোরীকে আটকে রাখা হয়েছে। এমন অভিযোগের ভিত্তিতে সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে দুই নারীসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। দুই নারীকে ধর্ষণের সহযোগিতার অপরাধে আটক করা হয়েছে।
তিনি আরো জানান, উদ্ধার কিশোরী জানায় তাকে বিভিন্ন বাসায় আটকে রেখে ধর্ষণ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
