বিশ্বকাপের আগেই সেরে উঠবেন মানে : বায়ার্ন

আপডেট : ০৯ নভেম্বর ২০২২, ০৮:৩৮ পিএম

দরজায় কড়া নাড়ছে ফুটবল বিশ্বকাপ। কাতারে বৈশ্বিক এই আসর বসছে মাত্র ১০ দিন পর। কিন্তু এই সময়ে এসেও দুর্ভাবনার শেষ নেই সেনেগালের। দলটির সেরা খেলোয়াড় সাদিও মানের চোট ভাবিয়ে তুলেছিল তাদের। তবে বিশ্বকাপের আগেই মানে সুস্থ হয়ে উঠবেন বলে জানিয়েছে বায়ার্ন মিউনিখ।

গত মঙ্গলবার রাতে বুন্দেসলিগায় ভার্ডার ব্রেমেনের বিপক্ষে বায়ার্নের বিশাল ব্যবধানে জয়ের ম্যাচের পঞ্চদশ মিনিটে হাঁটুতে ব্যথা পান মানে। বেশ কিছুক্ষণ ধরে সাইডলাইনে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। শেষ পর্যন্ত তিনি নিজ পায়ে উঠে দাঁড়ালেও খেলা চালিয়ে যেতে পারেননি। তারপর থেকেই তার বিশ্বকাপে খেলা নিয়ে তৈরি হয় শঙ্কা।

তবে বায়ার্ন মিউনিখের সহকারী কোচ ডিনো টপমোলের-এর কথায় কিছুটা হলেও স্বস্তি পেতে পারে তারা। জার্মানির সাবেক এই ফুটবলার জানিয়েছেন, মানের চোট গুরুতর কিছু নয়।

বায়ার্নের ৩০ বছর বয়সী ফরোয়ার্ড বিশ্বকাপের আগে সেরে উঠবেন বলে আশা টপমোলের, ‘সাদিও মানে পায়ে আঘাত পেয়েছিল, এর ফলে সে স্নায়ুতে ব্যথা অনুভব করছিল। গুরুতর কিছু নয় এবং তার বিশ্বকাপে খেলা নিয়ে কোনো ঝুঁকি নেই।’

আগামী ২০ নভেম্বর শুরু হতে যাওয়া কাতার বিশ্বকাপে ‘এ’ গ্রুপে রয়েছে সেনেগাল। ২১ নভেম্বর নেদারল্যান্ডসের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে সাদিও মানেরা। গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ একুয়েডর ও স্বাগতিক কাতার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত