সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর হারুন উর রশীদ হারুনসহ তিনজনকে একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
অপর দুই আসামি হলো স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি রফিক হাওলাদার ও যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি আলী আকবর চুন্নু।
বুধবার (৯ নভেম্বর) তাদের আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ফরমান আলী।
আবেদনের প্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত তাদের একদিন করে রিমান্ড মঞ্জুর করেন।
আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে মঙ্গলবার তাদেরকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
প্রসঙ্গত, ২ নভেম্বর বিচারপতি মানিকের গাড়িতে হামলার ঘটনায় তার দেহরক্ষী মো. রফিকুল ইসলাম বাদী হয়ে পল্টন মডেল থানায় মামলা দায়ের করেন। মামলায় বিএনপির ৪০/৫০ অজ্ঞাতপরিচয় নেতাকর্মীকে আসামি করা হয়েছে।
