ফারদিন হত্যা: বান্ধবীসহ অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা

আপডেট : ১০ নভেম্বর ২০২২, ১১:০৪ এএম

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ফারদিন নূর পরশের মরদেহ উদ্ধারের ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১০ নভেম্বর) ভোরে ফারদিনের বাবা নূর উদ্দিন রানা বাদী হয়ে তার বন্ধু আমাতুল্লাহ বুশরা ও অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে রামপুরা থানায় মামলাটি দায়ের করেছেন।

রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবার দিনগত রাত সাড়ে ৩টার দিকে মামলাটি নথিভুক্ত হয়েছে। বুয়েট শিক্ষার্থী ফারদিনের বাবা বুশরাসহ অজ্ঞাতদের নামে হত্যা মামলা দায়ের করেছেন।

বুয়েট শিক্ষার্থী ফারদিন গত শনিবার (৫ নভেম্বর) থেকে নিখোঁজ ছিলেন। ওইদিনই রাজধানীর রামপুরা থানায় এ বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেন তার বাবা কাজী নূর উদ্দিন। নিখোঁজের দুদিন পর গত সোমবার (৭ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে ফারদিন নূর পরশের মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশ।

ময়নাতদন্ত শেষে পরদিন নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শেখ ফরহাদ জানান, ফারদিনের মাথায় ও শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন আছে। তার বুকের ভেতরেও আঘাতের চিহ্ন আছে। এটি অবশ্যই হত্যাকাণ্ড, পানিতে ডুবে মৃত্যু না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত