বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র ফারদিন নূর পরশের লাশ উদ্ধারের ঘটনায় করা হত্যা মামলায় তার বান্ধবী আমাতুল্লা বুশরাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মামলার পর বৃহস্পতিবার সকালে রাজধানীর বনশ্রী থেকে বুশরাকে গ্রেপ্তার করা হয়।
রামপুরা থানার ওসি রফিকুল ইসলাম জানিয়েছেন, মামলা দায়েরের পর আজ সকালে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা তাকে আদালতে পাঠাব।
বুশরা ঢাকার ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে পড়েন বলে জানিয়েছে পুলিশ।
এর আগে ফারদিনের বাবা নূর উদ্দিন রানা এদিন ভোরে ঢাকার রামপুরা থানায় এ মামলা দায়ের করেন।
বুয়েট শিক্ষার্থী ফারদিন গত শনিবার (৫ নভেম্বর) থেকে নিখোঁজ ছিলেন। ওইদিনই রাজধানীর রামপুরা থানায় এ বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেন তার বাবা কাজী নূর উদ্দিন। নিখোঁজের দুদিন পর গত সোমবার (৭ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে ফারদিন নূর পরশের মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশ।
ময়নাতদন্ত শেষে পরদিন নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শেখ ফরহাদ জানান, ফারদিনের মাথায় ও শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন আছে। তার বুকের ভেতরেও আঘাতের চিহ্ন আছে। এটি অবশ্যই হত্যাকাণ্ড, পানিতে ডুবে মৃত্যু না।
