পাকিস্তানকে ৭ উইকেটে হারালো বাংলাদেশের যুবারা

আপডেট : ১০ নভেম্বর ২০২২, ০৮:৩০ পিএম

চারদিনের ম্যাচে পাকিস্তানকে হারিয়েছিল বাংলাদেশের যুবারা। আজ থেকে শুরু হয়েছে একদিনের সিরিজ। সেখানেও জয় দিয়ে রাঙিয়েছে অনুর্ধ্ব-১৯ টাইগার। মোহাম্মদ রিজওয়ান ও আশিকুর রহমানের জোড়া অর্ধশতকে স্বাগতিদের বিপক্ষে ৭ উইকেটের জয় পেয়েছে লাল-সবুজরা।

মুলতান ক্রিকেট স্টেডিয়ামে মারুফ মৃধার বোলিং নৈপুণ্যে ২০২ রানে অলআউট হয় পাকিস্তান। ২০৩ রানের জবাবে খেলতে নেমে সফরকারীরা দারুণ শুরুও পায়। দুই ওপেনার মোহাম্মদ রিজওয়ান ও আশিকুর রহমানের ১৬০ রানের জুটিতে জয়ের পথটা সহজেই তৈরি হয়ে গেছে।

এরপর তিন উইকেট হারালেও ২৯ বল আগে ৭ উইকেটের জয় নিশ্চিত হয় যুবাদের। রিজওয়ান ১৪৫ বলে ১০ চার ও ১ ছক্কায় ৭৯ রানের ইনিংস খেলেছেন। আশিকুর ১৫২ বলে ৮ চারে খেলেন ৭৪ রানের ইনিংস।

এর আগে টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পাওয়া পাকিস্তান শুরু থেকেই ছিল দিশাহীন। উজাইর মমতাজ ও আরাফাত মিনহাসের ব্যাটে পাকিস্তান নির্ধারিত ৪৫ ওভারে ২০২ রান তুলতেই অলআউট হয়েছে। ৭৭ বলে ৭১ রান করে অপরাজিত থাকেন আরাফাত। অন্যদিকে উজাইর খেলেন ১০১ বলে ৫৭ রানের ইনিংসে।

চার উইকেট নিয়ে বাংলাদেশি বোলার মারুফ মৃধা হয়েছেন ম্যাচসেরা। এছাড়া মোহাম্মদ রাফি নিয়েছেন দুটি উইকেট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত