রোহিত শর্মাদের খোঁচা দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

আপডেট : ১০ নভেম্বর ২০২২, ১১:৩৬ পিএম

ভারতের কাছে শ্বাসরুদ্ধকর লড়াইয়ের পর হেরেছিল পাকিস্তান। তবে বিশ্বকাপ সুপার টুয়েলভে পরের ম্যাচেই অবিশ্বাস্যভাবে জিম্বাবুয়ের কাছে হেরেছিল তারা। তখনই তাদের বিদায় দেখে ফেলেছিলেন অনেকে। কিন্তু ধুঁকতে থাকা দলটি পরে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে উঠে গেছে টুর্নামেন্টের ফাইনালে। আজ ভারতকে হারিয়ে শিরোপা নির্ধারণী ম্যাচে নাম লেখায় ইংল্যান্ড। তাতে বিশ্বকাপ থেকে বিদায়ের ঘণ্টা বাঁজে রোহিত শর্মাদের। এরপরই তাদের খোঁচা দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।

সিডনিতে টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে পাকিস্তান মেলবোর্নের টিকেট নিশ্চিত করে। এরপর অনেকেই ফাইনালে ভারত-পাকিস্তান মহারণের অপেক্ষায় ছিলেন। পাকিস্তানের কিংবদন্তী পেসার শোয়েব আখতার টুইট করে ভারতের সঙ্গে ফাইনাল দেখার অপেক্ষায় উদগ্রীব বলে জানিয়েছিলেন। কিন্তু জস বাটলার আর অ্যালেক্স হেলসের কাছেই যেন হেরে গেছেন রোহিত শর্মারা।

অ্যাডিলেডে ইংল্যান্ডের কাছে সেমিফাইনালে ১০ উইকেটে হেরেছে ভারত। গত বছরের বিশ্বকাপে সুপার টুয়েলভের ম্যাচেও পাকিস্তানের কাছে একই ব্যবধানে হেরেছিল তারা। ভারতকে ১০ উইকেটে হারানো দুই দল মেলবোর্নে ১৩ নভেম্বর ফাইনাল খেলতে যাচ্ছে, সেটাই রহস্য ঘেরা এক পোস্টে জানিয়ে দিলেন পাকিস্তানি প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

ইংল্যান্ডের কাছে ভারতের সেমিফাইনাল হারের পর শরিফ টুইট করেছেন, ‘তাহলে, এই রবিবার হতে যাচ্ছে ১৫২/০ বনাম ১৭০/০।’

গত বছর ভারত ১৫১ রান করলে পাকিস্তান বিনা উইকেটে করেছিল ১৫২ রান। আর সবশেষ সেমিফাইনালে ভারতের ১৬৮ রানের জবাবে ইংল্যান্ড কোনো উইকেটে না হারিয়ে করে ১৭০ রান। এই দুটি স্কোরের উল্লেখ করে ভারতের কাটা ঘায়ে যেন নুনের ছিটা দিলেন পাকিস্তানের সরকার প্রধান। টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ড ও পাকিস্তানই কেবল ১০ উইকেটে হারিয়েছে ভারতকে। বিশ্বমঞ্চে একাধিকবার ১০ উইকেটে পরাজিত দল তারাই।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত