সিদ্ধান্তের মৃত্যুতে শোকস্তব্ধ হিন্দি টেলিপাড়া

আপডেট : ১১ নভেম্বর ২০২২, ০৭:১১ পিএম

হিন্দি বিনোদন দুনিয়ায় আবার মৃত্যুর খবর। হৃদ‌রোগে আক্রান্ত হয়ে মারা গেলেন টেলিভিশনের পরিচিত মুখ অভিনেতা সিদ্ধান্ত বীর সূর্যবংশী। তার বয়স হয়েছিল ৪৬।

জানা গেছে, জিম করার সময় হঠাৎ জ্ঞান হারান অভিনেতা। তার পরই মৃত্যু। হিন্দি টেলিভিশনে একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন সিদ্ধান্ত। তার প্রয়াণে শোকের ছায়া টেলিজগতে।

অন্য চার-পাঁচজন অভিনেতার মতোই সিদ্ধান্তের জীবনেও বিতর্ক পিছু ছাড়েনি। তার প্রথম বিয়ে ভেঙে যাওয়া নিয়ে জোর আলোচনা হয় বিনোদন দুনিয়ায়। তার পর দ্বিতীয় বিয়ে নিয়েও বিস্তর আলোচনা।

সিদ্ধান্তের প্রথম স্ত্রী ইরা। ২০০০ সালে তাদের বিয়ে হয়। দম্পতির এক কন্যাসন্তান আছে। তার নাম দিজা। একটি বেসরকারি টিভি চ্যানেলের সঙ্গে যুক্ত ইরা। ১৫ বছর ইরার সঙ্গে সংসার করেন সিদ্ধান্ত। কিন্তু ২০১৫ সালে তাদের সম্পর্কে চিড় ধরে। ১৫ বছরের দাম্পত্য জীবনে থাবা বসায় বিচ্ছেদ।

প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের নেপথ্যে সিদ্ধান্তের বিবাহবর্হিভূত সম্পর্কের খবর প্রকাশ্যে আসে। শোনা যায়, সহ-অভিনেত্রী প্রিয়া ভাতিজার প্রেমে হাবুডুবু খাচ্ছিলেন সিদ্ধান্ত। তাদের সেই প্রণয়ের জেরেই ইরার সঙ্গে সিদ্ধান্তের ঘর ভাঙে। যদিও বিচ্ছেদের বেশ কিছু সময় পর এক ইংরেজি দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে অভিনেতা বলেন, স্ত্রীর সঙ্গে তার বিচ্ছেদের সিদ্ধান্ত একান্তই ব্যক্তিগত। তারা দুজনেই পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে এ সিদ্ধান্ত নেন। তাদের মধ্যে কোনও তিক্ততা নেই। প্রিয়ার সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন নিয়েও ওই সাক্ষাৎকারে মুখ খোলেন অভিনেতা। তিনি জানান, তারা দুজনে খুব ভালো বন্ধু। তবে প্রেমের সম্পর্ক নেই।

২০১৫ সালে ইরার সঙ্গে সিদ্ধান্তের বিচ্ছেদের দুবছরের মাথায় আবার বিয়ের পিঁড়িতে বসেন অভিনেতা। পাত্রী সুপারমডেল আলেশিয়া রাউত। ২০১৭ সালে আলেশিয়ার সঙ্গে গাঁটছড়া বাঁধেছিলেন সিদ্ধান্ত। অভিনেতাকে বিয়ের আগে আলেশিয়া 'সিঙ্গল মাদার' ছিলেন। তার এক পুত্রসন্তান রয়েছে। তার নাম মার্ক। আলেশিয়া ভারতীয় নন। জন্ম মস্কোয়। আলেশিয়ার বাবা ভারতীয়, মা রুশ। আলেশিয়ার সঙ্গে সিদ্ধান্তের আলাপ হয় অভিনেত্রী যশবীর কউরের মাধ্যমে। যশবীর সিদ্ধান্তের বন্ধু ও সহ-অভিনেত্রী।

এক সাক্ষাৎকারে আলেশিয়া প্রসঙ্গে মুখ খোলেন অভিনেতা। তিনি বলেন, 'এক বন্ধুর মাধ্যমে আলাপ হয় আমাদের দুজনের। আমরা দুজনেই সংসার বাঁধতে চেয়েছিলাম। ওকে দেখেই ভালো লেগেছিল।'

আলেশিয়ার সঙ্গে সিদ্ধান্তের দ্বিতীয় বিয়ে নিয়েও বিস্তর আলোচনা হয়।

image
সিদ্ধান্তের আসল নাম আনন্দ সূর্যবংশী

সিদ্ধান্তের আসল নাম আনন্দ সূর্যবংশী। তবে সম্প্রতি তিনি নিজের নাম বদলে রেখেছিলেন সিদ্ধান্ত সূর্যবংশী। 'কুসুম' নামে একটি ধারাবাহিকের হাত ধরে অভিনয়ে হাতেখড়ি হয় সিদ্ধান্তের। তার পর একাধিক ধারাবাহিকে প্রধান চরিত্রে অভিনয় করেন। 'কসৌটি জিন্দেগি কি', 'কৃষ্ণ অর্জুন', 'ক্যায়া দিল মে হ্যায়'-এর মতো একাধিক জনপ্রিয় ধারাবাহিকে দেখা যায় তাকে। তার অভিনীত শেষ দুটি ধারাবাহিক ছিল 'কৌন রিস্তো মে কাট্টি বাট্টি' ও 'জিদ্দি দিল'।

অভিনেতার মৃত্যুর খবরটি দেন বন্ধু জয় ভানুশালী। তিনি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে সিদ্ধান্তের মৃত্যুর খবর নিশ্চিত করেন। গভীর শোকপ্রকাশ করে লেখেন, 'বড্ড তাড়াতাড়ি চলে গেলে!' এর আগে জিম করতে করতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল সালমান খানের বডি ডাবল সাগর পাণ্ডের। মাস কয়েক আগে জিম করতে করতে অসুস্থ হয়ে পড়েন বলিউড অভিনেতা রাজু শ্রীবাস্তব। হাসপাতালে বহু দিন চিকিৎসাধীন ছিলেন তিনি। তবু বাঁচানো যায়নি কৌতুকশিল্পীকে। স্মরণে আসতে পারে অভিনেতা সিদ্ধান্ত শুক্লর কথাও। গত বছর শরীরচর্চা করতে করতে তারও এমনই মর্মান্তিক পরিণতি ঘটে। সূত্র : টাইমস অব ইন্ডিয়া 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত