বগুড়ায় পুল খেলাকে কেন্দ্র করে জুনায়েদ আল হাবিব বিপুল (২১) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (১১ নভেম্বর) রাত ৯টার দিকে শহরের নামাজগড় মোড়ে ব্রেক এন রান বিলিয়ার্ডে এঘটনা ঘটে।
নিহত বিপুল বগুড়া শহরের বাদুরতলা এলাকার মৃত সাইফুল ইসলামের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শহরের নামাজগড় মোড়ে অবস্থিত ব্রেক এন রান বিলিয়ার্ড পুল অবস্থিত। সেখানে বিপুল ও কয়েকজন পুল খেলছিল, খেলার একপর্যায়ে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। এসময় প্রতিপক্ষরা বিপুলের শরীরের বুকে ও পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় বিপুলকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
বগুড়া সদর ফাঁড়ির ইন্সপেক্টর শাহিনুজ্জামান জানান, রাত ৯টার দিলে নামাজগড় মোড়ে পুল খেলাকে কেন্দ্র করে বিপুলকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। এঘটনায় জড়িতদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
