বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, ‘যুবলীগের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের মাধ্যমে আওয়ামী লীগ যে শক্তি প্রদর্শন করতে চেয়েছিল তা পর্বতের মূষিক প্রসবে পরিণত হয়েছে’।
তিনি বলেন, ‘সর্বগ্রাসী সংকটে নিপতিত দেশের জনগণের পিঠ আজ দেওয়ালে ঠেকে গেছে। এ জন্য দায়ী আওয়ামী লীগ সরকার। এই ব্যর্থ, অযোগ্য, দুর্নীতিবাজ সরকারকে জনগণ আর ক্ষমতায় দেখতে চায় না।’
শনিবার সকালে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা যুবদলের নেতাকর্মীদের সঙ্গে পৃথক পৃথক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
প্রিন্স বলেন, ‘গত দুই মাস ধরে ১০ লাখ লোকের হাঁক ডাক দিয়েছে। কোটি কোটি টাকা খরচ করে সরকারি পৃষ্ঠপোষকতায় সারা দেশ থেকে নেতাকর্মীদের আনতে বাস, ট্রাক রিকুইজিশন করা হয়েছে। এতে করে জনগণ দুর্ভোগে পড়েছে শুক্রবার। এরপরও যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর নামে আওয়ামী লীগ যে শক্তি দেখাতে চেয়েছে তা পর্বতের মূষিক প্রসবে পরিণত হয়েছে। সোহরাওয়ার্দী উদ্যানের চার দেয়ালের ভেতর নেতাকর্মী ও ভাড়া করে আনা লোকজন ঢুকিয়ে প্রবেশ পথ পুলিশ দিয়ে আটকে রাখে, লাঠিপেটা করে তাদের ভেতরে রাখার চেষ্টা করেও লাভ হয় নাই, দেয়াল টপকিয়ে তারা বাইরে বেরিয়ে এসেছে। ভাড়া করা লোক আনলে এমনই হয়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রায়ই বলেন, মরা গাঙ্গে পানি আসে না। তার কথাই এখন বুমেরাং হয়েছে।’
ধোবাউড়া উপজেলা সদরে আন নাহজা স্কুল অ্যান্ড কিন্ডারগার্টেন এ অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি বলেন, ‘স্বাধীনতার পর স্বাধীন দেশে আওয়ামী লীগ খুন-গুম শুরু করেছিল, গণতন্ত্র হত্যা করে একদলীয় বাকশাল কায়েম করেছিল, নিজেদের অনৈতিক শাসন টিকিয়ে রাখতে তারা এখনো তা অব্যাহত রেখেছে। প্রতিহিংসাপরায়ণ সরকার রাজনীতি ও নির্বাচন থেকে দূরে রাখতে খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলায় ফরমায়েশি রায় দিয়ে বিএনপিকে নেতৃত্বশূন্য করতে চেয়েছে। কিন্তু সরকারের সেই অপচেষ্টা শুধু ব্যর্থই হয় নাই, দেশ-বিদেশে খালেদা জিয়া ও তারেক রহমানের গ্রহণযোগ্যতা, জনপ্রিয়তা কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। দেশে উন্নয়নের নামে দুর্নীতি, লুটপাট চলছে, মানুষের ভাগ্য নয়, আওয়ামী নেতাদের ভাগ্য পরিবর্তন হয়েছে। এ জন্যই মানুষ তীব্র সংকটে রয়েছে, চলছে নীরব দুর্ভিক্ষ।’
বিএনপির এই সাংগঠনিক সম্পাদক বলেন, ‘বৈদেশিক মুদ্রার রিজার্ভ মারাত্মকভাবে হ্রাস পেয়েছে। এত দিন জনগণকে মিথ্যা তথ্য দিয়ে বলা হয়েছিল রিজার্ভ ৩৯ বিলিয়ন ডলার, এখন আইএমএফ এর ঋণ পেতে বলছে ২৬ বিলিয়ন ডলার, প্রকৃতপক্ষে রিজার্ভ আরও কম। এভাবেই মিথ্যা তথ্য দিয়ে মাথা পিছু আয়, খাদ্য উৎপাদনসহ অন্যান্য পরিসংখ্যানও ফুলিয়ে ফাঁপিয়ে প্রচার করা হয়েছে। রিজার্ভের মতো আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে নতুন করে যে ঋণ সরকার নিচ্ছে তাও সাবাড় করবে।’
হালুয়াঘাটে ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহসভাপতি আবদুল আজিজ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম, জেলা বিএনপির সদস্য আসলাম মিয়া বাবুল, অধ্যাপক আমজাদ আলী, হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, আবু হাসনাত বদরুল কবির, আবদুল হামিদ, আলী আশরাফ, বিএনপি নেতা আব্দুল হাই, কাজী ফরিদ আহমেদ পলাশ, রফিকুল ইসলাম, আবুল কালাম আজাদ, জেলা যুবদলের সহসভাপতি তারিকুল ইসলাম চঞ্চল, হুমায়ুন কবির, যুগ্ম সম্পাদক আব্দুল মালেক, আবুল কালাম আজাদ, সহদফতর সম্পাদক আল আমিন, সহ বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির, সদস্য সোহেল আল আজাদ, আব্দুল মালেক সোহান, মোতালেব হোসেন প্রমুখ।
ধোবাউড়ায় ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহসভাপতি আবুল কাশেম ডলারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য আনিসুর রহমান মানিক, ফরহাদ রাব্বানী সুমন, মোয়াজ্জেম হোসেন খান লিটন, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক ফরহাদ আল রাজি, সহসাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, সহ ধর্মবিষয়ক সম্পাদক মাসুদ চৌধুরী, সদস্য সিরাজুল ইসলাম, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ফারুক হোসাইন প্রমুখ।
