ডিএমপির সঙ্গে বিএনপির বৈঠক মঙ্গলবার

আপডেট : ১৪ নভেম্বর ২০২২, ০৯:৫৪ পিএম

ঢাকা বিভাগীয় মহাসমাবেশকে সামনে রেখে আইন-শৃঙ্খলা বাহিনী কর্তৃক নেতাকর্মীদের গ্রেপ্তার ও হয়রানি এবং সমাবেশস্থলের অনুমতির বিষয় নিয়ে আলোচনা করতে মঙ্গলবার (১৫ নভেম্বর) সকাল ১০টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের অফিসে যাবেন বিএনপির প্রতিনিধি দল।

প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান এবং চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম।

আব্দুস সালাম সোমবার (১৪ নভেম্বর) রাতে দেশ রূপান্তরকে বলেন, ‘সমাবেশের প্রায় এক মাস বাকি থাকতেই পুরো রাজধানী ঢাকাজুড়ে নেতাকর্মীদের গ্রেপ্তার ও বাসায় বাসায় হয়রানি করতে শুরু করেছে। হয়রানি বিষয়সহ সমাবেশের অনুমতি চেয়ে আবেদন করবো। আমরা নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করতে চাই।’

তাদের সঙ্গে থাকবেন বিএনপি যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, বিএনপি প্রচার সম্পাদক ও বিএনপি মিডিয়া সেল সদস্য সচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, বিএনপি ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক এবং দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনু।

এদিকে আগামী ১০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য ঢাকা বিভাগীয় মহাসমাবেশ সফল করতে প্রতিদিনই প্রস্তুতিমূলক সভা করছেন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির বিভিন্ন ইউনিটের নেতারা। সোমবার বিএনপি ঢাকা মহানগর উত্তরের মোহাম্মদপুর ও আদাবর থানা বিএনপির নেতাকর্মীদের নিয়ে এক যৌথসভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন আমান উল্লাহ আমান এবং পরিচালনা করেন আমিনুল হক।

এ সময় আমান উল্লাহ আমান বলেন, ‘জনগণের দাবি নিয়ে বিএনপি যখন শান্তিপূর্ণ কর্মসূচি নিয়ে রাস্তায় নামে তখনই বিনাভোটের অবৈধ সরকারের পেটোয়াবাহিনী গুলি করে মানুষ মারছে। দিনে-রাতে এখন বিদ্যুৎবিহীন থাকে দেশ, অপ্রতুল গ্যাসের দাম বৃদ্ধি করে সৃষ্টি করেছে জনদূর্ভোগ, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজারে আগুন। মধ্যবিত্ত এবং নিম্ন আয়ের মানুষের এখন বেঁচে থাকাই কঠিন হয়ে দাঁড়িয়েছে। এ অবস্থায় আওয়ামী ফ্যাসিস্ট সরকার জোর জবরদস্তিমূলকভাবে ক্ষমতা দখল করে বসে আছে জগদ্দল পাথরের মতো, উন্নয়নের কথা বলে তারা জনগণকে ধোকা দিয়ে যাচ্ছে। তবে বর্তমান ভয়াবহ দুঃশাসনের অবসান ঘটাতে জনগণ এখন চূড়ান্ত প্রস্তুতি গ্রহণ করেছে।’

সদস্য সচিব আমিনুল হক বলেন, ‘আমরা রক্ত দিতে শিখেছি, জীবন দিতে শিখেছি, আমরা আমাদের অধিকার আদায়ের জন্য যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত। আমরা জনগণের অধিকার আদায়ে জনগণকে সাথে নিয়ে লড়াই করেই বিজয় ছিনিয়ে আনবো। আগামী ১০ ডিসেম্বর ঢাকায় স্মরণকালের ঐতিহাসিক গণসমাবেশে বিপুল লোক সমাগম ঘটিয়ে আমরা সরকারকে বুঝিয়ে দিব-জনগণ আর বর্তমান কর্তৃত্ববাদী সরকারকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায় না।’

সভায় উপস্থিত ছিলেন-ঢাকা মহানগর উত্তর বিএনপি’র যুগ্ম আহবায়ক আতিকুল ইসলাম মতিন, যুগ্ম আহবায়ক ও টিম প্রধান মো. আক্তার হোসেন, সদস্য হাজী মো. ইউসুফ, ফয়েজ আহম্মেদ ফরু, ঢাকা মহানগর উত্তরের কৃষকদল সভাপতি আসজাদুল আইরিশ ডল, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম মিঠু, জাসাস উত্তরের সভাপতি শফিকুল ইসলাম স্বপন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনু, ছাত্রদল পশ্চিমের সভাপতি আবুল কালাম আজাদ নাসির, সাধারণ সম্পাদক জুয়েল হাসান রাজ সহ ঢাকা মহানগর উত্তরের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত