শনিবার বন্দরনগরী চট্টগ্রামের প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে ‘প্রকৃতি কর্ণফুলী’ সংখ্যার প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ‘প্রকৃতি সুহৃদ সম্মাননা-২০২২’ শীর্ষক এক বিশেষ পর্ব আয়োজন করা হয়।
‘প্রকৃতি’ সম্পাদক জনাব মুশফিক হোসাইনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স করপোরেশনের (বিএইচবিএফসি) পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. সেলিম উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে ড. সেলিম মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন প্রক্রিয়ায় প্রকৃতির ওপর নিয়মিত নিষ্ঠুর অত্যাচার এবং এর ফলে নানা প্রাকৃতিক বিপর্যয়ের চিত্র তুলে ধরেন।
তিনি উন্নত বিশ্বকর্তৃক ব্যাপক হারে কার্বণ নিঃসরণের ক্ষতিকর প্রভাব এবং এর ফলে কোটি-কোটি মানুষের জন্য বিশুদ্ধ পানির দুঃষ্প্রাপ্যতা, গড় আয়ুস্কাল কমে যাওয়াসহ নানান বিপদের বর্ণনা দেন।
ড. সেলিম তার বক্তব্যে প্রকৃতির প্রতি নির্মমতা বন্ধ করে Living Sustainability in Harmony with Nature স্লোগান সামনে রেখে প্রকৃতির ভারসাম্য রক্ষার আহ্বান জানান।
আমাদের জন্য বিকল্প দ্বিতীয় কোনো পৃথিবী নেই, প্রকৃতিকে তার নিজস্ব নিয়মে চলতে দিতে হবে উল্লেখ করে তিনি প্রকৃতির ক্ষতি থেকে বিরত থাকার আহ্বান জানান।
তিনি প্রকৃতির ভারসাম্য রক্ষায় যারা কাজ করছেন, তাদের সহযোগিতা করার জন্যও আহ্বান জানান।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের যুগ্মসচিব মো. জাফর আলম, বাংলাদেশ মেরিন একাডেমির কমান্ড্যান্ট ড. সাজিদ হোসেন এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক আবদুল আলিম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অধ্যাপক মোহাম্মদ মুজিবুল চৌধুরীকে প্রকৃতি সুহৃদ সম্মামনা-২০২২ দেওয়া হয়।
