১৫ নভেম্বর, ২০২০। বেলা সোয়া ১২টা নাগাদ জানানো হয় খবরটি। প্রয়াত সৌমিত্র চট্টোপাধ্যায়। বিভিন্ন সংবাদমাধ্যমে ভেসে ওঠে খবর। হৃদয়বিদারক সেই ঘটনার দুবছর হলো। প্রিয় সৌমিত্রকাকুকে চিঠি লিখলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
টুইটারে সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে নিজের ছবি পোস্ট করেছেন প্রসেনজিৎ। তার ক্যাপশনেই 'মিস্টার ইন্ড্রাস্ট্রি' লেখেন, 'সিনেমাপ্রেমী প্রতিটি মানুষ তোমায় কতটা মিস করে, তা আমার বলার অপেক্ষা রাখে না। তোমার সঙ্গে নতুন কোনো সিনেমার সেটে দেখা হবে না, কোনো কাজ নিয়ে আড্ডা হবে না…সত্যি বলছি, আজো মন থেকে মেনে নিতে পারি না। তোমার মতো একজন পথপ্রদর্শকের অভাব প্রতিনিয়ত অনুভব করি সৌমিত্র কাকু…তুমি তো জানোই।'
সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে তোলা ছবি শেয়ার করেন অর্পিতা চট্টোপাধ্যায়ও। সৌমিত্রকে কিংবদন্তি, অনুপ্রেরণা এবং ইনস্টিটিউট হিসেবে উল্লেখ করে সৌমিত্র চট্টোপাধ্যায়ের উদ্দেশে তিনি লেখেন, 'দুবছর হয়ে গেল তুমি আমাদের সঙ্গে নেই। তোমার সঙ্গে স্ক্রিন শেয়ার করতে পারাটা আমার পরম সৌভাগ্য।'
অভিনেতা জিতের প্রযোজনা সংস্থার পক্ষ থেকেও প্রয়াত কিংবদন্তিকে শ্রদ্ধা জানানো হয়েছে।
অসুস্থ হওয়ার আগে সৌমিত্র মিত্রর বাড়িতে ঘরোয়া আড্ডায় গান গেয়েছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। সেই মুহূর্তের ভিডিও ফেসবুকে আপলোড করেছিলেন তিনি। বাবাকে এভাবেই হাসিমুখে স্মৃতির আসনে রেখে দিতে চান পৌলমী বসু। নিজের প্রোফাইলে ভিডিওটি শেয়ার করেন তিনি। সূত্র : আনন্দবাজার
