কানাডিয়ান ইউনির্ভাসিটির শিক্ষার্থীদের নিয়ে পদ্মা ব্যাংকের রোড শো

আপডেট : ১৬ নভেম্বর ২০২২, ০৭:১৭ পিএম

কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের শিক্ষার্থীদের অংশগ্রহণে 'ফাইন্যান্সিয়াল লিটারেসি ও ব্যাংকিং ক্যারিয়ার' শীর্ষক স্টুডেন্ট ব্যাংকিং রোড শোর আয়োজন করেছে পদ্মা ব্যাংক লিমিটেড।

বুধবার ১৬ নভেম্বর রাজধানীর প্রগতি সরণি ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রোড শোর উদ্বোধন করেন কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. এইচ এম জহিরুল হক। 
পদ্মা ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, এধরনের আয়োজন নিয়মিত হলে শিক্ষার্থীদের চাকরির সাক্ষাৎকারভীতি কেটে যাবে। শুধু চাকরি নয় যেকোনো কাজে উপকৃত হবে শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের অ্যাকাউন্ট ওপেনিং, সঞ্চয়, বিদেশে উচ্চশিক্ষার জন্য যাওয়া শিক্ষার্থীদের ফাইল প্রসেসিং করতে প্রয়োজনীয় কাগজপত্র, কাভার লেটার, সিভি লেখা এবং চাকরির ইন্টারভিউর প্রস্তুতিবিষয়ক বিভিন্ন বিষয় নিয়ে অনুষ্ঠিত হয় এই রোড শো।

পদ্মা ব্যাংকের চিফ হিউম্যান রিসোর্স অফিসার এম আহসান উল্লাহ খান কাভার লেটার লেখা ও চাকরির ইন্টারভিউ দেওয়ার খুঁটিনাটি কৌশল সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। স্টুডেন্ট ব্যাংকিং রোড শোর মূল প্রেজেন্টেশন উপস্থাপন করেন পদ্মা ব্যাংকের হেড অব সেগমেন্টস নাফিসা আরা। তিনি মানি ম্যানেজমেন্ট, সঞ্চয়, বিদেশে উচ্চশিক্ষার জন্য ইচ্ছুক শিক্ষার্থীদের করণীয় বিষয় সম্পর্কে আলোচনা করেন। এ ছাড়া প্রশ্ন উত্তর পর্বে হেড অব রিটেইল অ্যান্ড এসএমই ব্যাংকিং রকিবুল হাসান চৌধুরী শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

রোড শোতে শিক্ষার্থীদের ছিল সরব উপস্থিতি। আয়োজনের জন্য পদ্মা ব্যাংক ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান তারা। আগামীতে এমন আয়োজন আরো করার পাশাপাশি প্রতীকী সাক্ষাৎকার আয়োজন করে সাক্ষাৎকারভীতি কাটিয়ে উঠতে সহযোগিতা করার অনুরোধ করেন তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত