বঙ্গবন্ধু টানেলের রক্ষণাবেক্ষণ ও টোল আদায় করবে চীনা কম্পানি

আপডেট : ১৬ নভেম্বর ২০২২, ০৯:১৫ পিএম

চট্টগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের প্রায় ৯৮৩ দশমিক ৮২ কোটি টাকার রক্ষণাবেক্ষণ ও টোল আদায়ের কাজ পেয়েছে চায়না কমিউনিকেশনস কনস্ট্রাকশন কম্পানি লিমিটেড।

আজ অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির চলতি বছরের ৩৪তম সভায় এ অনুমোদন দেওয়া হয়। ভার্চুয়ালি অনুষ্ঠিত সভা শেষে মন্ত্রিপরিষদের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান সাংবাদিকদের বলেন, আজকের বৈঠকে মোট ৮টি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

তিনি জানান, সিসিজিপি সভায় বন্দর নগরীতে দেশের প্রথম এই টানেলের সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবে চীনা কম্পানিটিকে নিয়োগ দিতে সেতু বিভাগের আওতাধীন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ প্রস্তাব পেশ করলে, তার অনুমোদন দেওয়া হয়।

মাহবুব বলেন, প্রস্তাবটির আওতায় কম্পানিটিকে প্রায় ৬৫ শতাংশ অর্থ স্থানীয় মুদ্রায় পরিশোধ করা হবে- যার পরিমাণ প্রায় ৬৫৬ দশমিক ৯৯ কোটি টাকা। অবশিষ্ট ৩৫ শতাংশ অর্থ বিদেশি মুদ্রায় পরিশোধ করা হবে- যার পরিমাণ প্রায় ৩২৬ দশমিক ৮৪ কোটি টাকা। তিনি আরো বলেন, প্রস্তাবটির আওতায় মার্কিন ডলারে বৈদেশিক মুদ্রার অংশটি পরিশোধ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত