মুক্তি পাচ্ছে ‘মেঘের কপাট’

আপডেট : ১৯ নভেম্বর ২০২২, ১২:৪৬ এএম

শ্যুটিং শেষ হলো ওয়ালিদ আহমেদ পরিচালিত চলচ্চিত্র ‘মেঘের কপাট’-এর। চলতি বছরের ফেব্রুয়ারিতে চলচ্চিত্রটির শ্যুটিং শুরু হয়। চলছে পোস্ট প্রোডাকশনের কাজ। চলচ্চিত্রটিতে নায়ক হিসেবে রয়েছেন রাকিব হোসেন ইভন। সম্প্রতি তাকে দেখা গেছে চরকির ফিল্ম ‘দুই দিনের দুনিয়া’তে। এ ছাড়া ইভন অভিনীত ‘ইতি চিত্রা’সহ আরও ৩টি চলচ্চিত্র মুক্তির অপেক্ষায় রয়েছে। আর নায়িকা হিসেবে অভিনয় করেছেন সিন্ডি রোলিং ও তন্বী। সিন্ডি রোলিং অভিনীত চলচ্চিত্র ‘মাসুদ রানা’ মুক্তির অপেক্ষায় আছে। এর আগে তিনি কাজ করেছেন ‘কিস্তিমাত’, ‘মুসাফির’ ও ‘লিভ ফর লাইফ’ চলচ্চিত্রে। আর তন্বী অভিনয় করেছেন তৌকীর আহমেদের ‘ফাগুন হওয়া’ সিনেমায়। চলচ্চিত্রটির সংগীত পরিচালনা করেছেন রূপঙ্কর বাগচী। গানেও কণ্ঠ দিয়েছেন তিনি। ‘মেঘের কপাট’-এর গল্প লিখেছেন ও প্রযোজনা করেছেন আফরোজা মোমেন। তিনি বলেন, নিখাদ ভালোবাসার কাহিনী ‘মেঘের কপাট’। চলচ্চিত্রটিতে আমি তারুণ্যের ভাবনার জায়গাটা তুলে ধরতে চেয়েছি। আমার বিশ্বাস এই চলচ্চিত্র দেখার পর দর্শক ভালোবাসার অনেকগুলো অর্থ খুঁজে পাবে। আগামী বছরের জানুয়ারিতে বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি দিতে চাই এটি। একই সঙ্গে সারা দেশের সিনেমা হলগুলোতে চলচ্চিত্রটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। ভারতের দক্ষিণের কারিগরি সহায়তা নিয়ে মানসম্মত চলচ্চিত্র উপহার দেওয়ার আপ্রাণ চেষ্টা করছি।’ পরিচালক ওয়ালিদ আহমেদ বলেন, ‘মেঘের কপাট’ চলচ্চিত্রের প্রতিটি চরিত্র চেষ্টা করেছে তার সেরা কাজটা উপহার দিতে। মনোরম লোকেশনে শ্যুটের সঙ্গে সঙ্গে গল্পের জন্য মানানসই আবহ দেওয়ার চেষ্টা করেছি স্ক্রিনে। আশা করি দর্শক খুব তাড়াতাড়ি সিনেমাটি দেখতে পারবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত