সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী বলেছেন, সরকারি পরিবহন সংস্থা বিআরটিসি লোকসানের বৃত্ত থেকে বের হয়েছে। এটি এখন সামনের দিকেই এগোচ্ছে। তবে যাত্রীদের কাছ থেকে অভিযোগ গ্রহণের জন্য সংস্থার বাসে বিশেষ বাক্স রাখতে হবে।
এসময় তিনি বলেন, দূরপাল্লার রুটে চালু করা হবে পর্যটক পরিবহনের বাস।
শনিবার (১৯ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) সম্মেলনকক্ষে ‘বদলে যাচ্ছে বিআরটিসি’ শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিআরটিসি'র চেয়ারম্যান মো. তাজুল ইসলাম (অতিরিক্ত সচিব)।
অনুষ্ঠানে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে সড়ক সচিব বলেন, নতুন গাড়ি বহরে যুক্ত না হওয়া সত্ত্বেও সচল গাড়ির সংখ্যা বৃদ্ধি এবং আয় উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি করা প্রশংসার দাবি রাখে। তিনি বিআরটিসি'র সেবাকে আরও জনবান্ধব করতে নির্দেশনা প্রদান করেন।
বিআরটিসি চেয়ারম্যান বলেন, 'বিআরটিসি'কে একটি আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত মানসম্মত প্রতিষ্ঠানে পরিণত করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।
অনুষ্ঠানে বিআরটিসি'র উন্নয়নের তথ্যচিত্র তুলে ধরেন জেনারেল ম্যানেজার (হিসাব) মো. আমজাদ হোসেন (উপসচিব)। তার উপস্থাপনায় বিআরটিসির লোকসানি প্রতিষ্ঠান হতে লাভজক প্রতিষ্ঠানে পরিণত হওয়ার বিভিন্ন তথ্য উপাত্ত তুলে ধরেন।
সভায় ‘বদলে যাচ্ছে বিআরটিসি’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন বুয়েটের দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের সহকারি অধ্যাপক সাইফুন নেওয়াজ। এই মূল প্রবন্ধের ওপর বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী ও সাংবাদিক মো. তৌফিকুল ইসলাম। অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন ড্রাইভার্স টেকনিক্যাল কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান নূর নবী শিমু, ঢাকা জেলা নারী চালক শ্রমিক ইউনিয়নের সভাপতি খাদিজা রহমান, সাংবাদিক লতিফুল বারী হামিম, ডি কস্তা,রুবেল শিকদার প্রমুখ।
সাম্প্রতিক সময়ে বিআরটিসি’র যানবাহন রক্ষণাবেক্ষণ, ওয়াশিং প্ল্যান্ট, পেইন্ট বুথ স্থাপন, ডিটিএস স্থাপন, সিসি ক্যামেরার মাধ্যমে ডিপো মনিটরিংসহ বিভিন্ন কার্যক্রম তোলে ধরা হয়। সভায় আমন্ত্রিত অতিথিরা এসব উদ্যোগের প্রশংসা করেন। তারা এসব কার্যক্রম অব্যাহত রাখার অনুরোধ করেন।
মতবিনিময় সভায় অনলাইনে অংশ নেন বিআরটিসি’র বিভিন্ন ডিপো /ইউনিটের কর্মকর্তা ও নতুন যোগদানকৃত কর্মচারীরা
