সরকার ভীত হয়ে বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার করছে: আ. সালাম

আপডেট : ২০ নভেম্বর ২০২২, ০৫:৩২ পিএম

সরকার বিএনপির চলমান কর্মসূচিতে ভীত হয়ে বিভিন্ন মিথ্যা মামলা সাজিয়ে অন্যায়ভাবে বিএনপি নেতা-কর্মীদের গ্রেপ্তার করছে বলে অভিযোগ করেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। 

রোববার (২০ নভেম্বর) দুপুরে রাজধানীর শাহবাগে গ্রেপ্তার ২০ নং ওয়ার্ড বিএনপির যুগ্ন আহবায়ক হাইসুল ইসলাম চন্দনের পরিবারের খোঁজখবর নিতে গিয়ে তিনি এ অভিযোগ করেন। 

আব্দুস সালাম বলেন, গত দুটো ভোট বিহীন জাতীয় নির্বাচন করার মাধ্যমে এই ফ্যাসিস্ট সরকার গণতন্ত্রকে হত্যা করেছে। জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। তারা আবারও একটি ভোটারবিহীন নির্বাচনের স্বপ্ন দেখছে। কিন্তু এই ফ্যাসিস্টদের বিরুদ্ধে জনগণ জেগে উঠেছে। জনগণ আওয়ামী সরকারের সকল অপকৌশলের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তাই জনগণ এবার আর তাদের ভোটবিহীন নির্বাচনের স্বপ্ন বাস্তবায়ন হতে দিবে না। 

তিনি গ্রেপ্তার ও নির্যাতনের শিকার প্রতিটি নেতাকর্মীর পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করে রাইসুল ইসলাম চন্দন ও যাত্রাবাড়ী থানাধীন ৪৮ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক মিজানুর রহমান ভান্ডারী, মো. মামুন সর্দার, মো. সুমনকে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

এসময় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি নেতা এম এ হান্নান, ২০ নং ওয়ার্ডের আহ্বায়ক জাহিদ হোসেন নোয়াব, যুগ্ম আহ্বায়ক মনির হোসেন টিটু, আবু সুফিয়ান, চন্দনের পরিবারসহ ওয়ার্ড বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ  উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত