চুয়াডাঙ্গায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আনিজুল হক (১৯) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছে আরও চারজন। আহতদের দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের রেফার করা হয়েছে।
নিহত আনিজুল হক দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গার আব্দুল আলিমের ছেলে।
রবিবার রাত ৮টার দিকে দামুড়হুদা উপজেলার চন্ডিপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহতের লাশ হাসপাতালের মর্গে রয়েছে। আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন, দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা গ্রামের কলেজপাড়ার শহিদুল ইসলামের ছেলে রাহুল (১৮), একই গ্রামের পূর্বপাড়ার মিজানুর রহমানের ছেলে হৃদয় হোসেন (২০), চণ্ডিপুর গ্রামের তরিকুল ইসলামের ছেলে রাতুল (২২) ও একই উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের আবু কাশেমের ছেলে রাজু আহমেদ (২০)।
নিহতের পরিবারের সদস্যরা জানান, রাতে ক্যারাম বোর্ড খেলে মোটরসাইকেলে ফিরছিলেন আনিজুল হক। পথে চন্ডিপুর বাজারে পৌঁছালে রাস্তার বিপরীত পাশ থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় আনিজুলের। এতে ঘটনাস্থলে মারা যায় আনিজুল।
জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আব্দুল কাদের বলেন, হাসপাতালে আসার আগেই আনিজুলের মৃত্যু হয়েছে।
