গ্রাহক পর্যায়ে এখনই বিদ্যুতের দাম বাড়ছে না বলে আশ্বস্ত করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
তিনি বলেছেন, ‘উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় সারা পৃথিবীতেই বিদ্যুৎ-জ্বালানির প্রাইস অ্যাডজাস্টমেন্ট করতে হচ্ছে। গ্রাহক পর্যায়ে এখনই দাম বাড়ছে না। দাম বাড়বে কি না, সেটাও নির্ভর করতে মাঠপর্যায়ের তথ্যের ভিত্তিতে। সবকিছু যাচাই বাছাই করেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’
সোমবার (২১ নভেম্বর) দুপুরে সচিবালয়ে পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বৃদ্ধির প্রাথমিক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।
পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বৃদ্ধির বিষয়ে তিনি বলেন, বিইআরসি তাদের মতো করে বিবেচনা করেই সিদ্ধান্ত নিয়েছে। এর আগে তারা ঘোষণা দিয়েও দাম বাড়ায়নি। সবকিছু তারা যাচাই বাছাই করেই করেছে।
