ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার তৈলটুপি গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে। গতকাল সোমবার সকালে ওই গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানায়, উপজেলার ভায়না ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আলাল হোসেন ও রিপন হোসেনের সমর্থকদের মাঝে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। ১৯ নভেম্বর স্থানীয় সংসদ সদস্যের আগমনকে কেন্দ্র করে মঞ্চ তৈরি এবং এমপির কম্বল বিতরণের তালিকা তৈরিকে কেন্দ্র করে তাদের মধ্যে বিবাদ হয়। এরই জের ধরে সোমবার ভোরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি বাড়িঘর। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
হরিণাকুন্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, তৈলটুপি গ্রামে সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
