বিশ্বকাপটা হবে ম্যারাডোনাকে মেসির শ্রদ্ধাঞ্জলি

আপডেট : ২২ নভেম্বর ২০২২, ০১:০১ এএম

কাতার পৌঁছে আমি সত্যিই খুব অবাক হয়েছি। অনেক কিছুই বদলে গেছে। নতুন বানানো সুন্দর সুন্দর সব স্টেডিয়াম, হোটেল, যাতায়াত ব্যবস্থা... সবকিছুই অনেক উন্নত হয়েছে। আমি এখানে ২০১১ আর ২০১৫ সালে এসেছিলাম। বিশ্বকাপ উপলক্ষে এরকম একটা বড় পরিবর্তন দেখতে পাব, সেটাই স্বাভাবিক। আর এই বৈপ্লবিক পরিবর্তন এসেছে কাতারের শক্তিশালী অর্থনৈতিক সামর্থ্যরে কারণেই। বিশ্বকাপ ফুটবল উপলক্ষে কাতার নিজেদের পুরোপুরি বদলে ফেলেছে। কাতার হয়ে উঠেছে আরও সুন্দর, আরও উন্নত। এই শহরে এসে আমি অদ্ভুত একটা শক্তি অনুভব করতে পারছি। এই নিয়ে তৃতীয়বার এলাম এবং নতুন এই দোহা দেখে সত্যিই চমকে গেছি। আমি ভেবেছিলাম শহরটা বোধহয় খুব বেশি বদলাবে না, তবে কাতার আমাকে ভুল প্রমাণিত করেছে। একবার এখানে পা দিলেই টের পাওয়া যাবে এই দেশ কতটা বদলে গেছে। আমি আশা করব বিশ্বকাপ দেখতে আসা সবাই আয়োজনটা উপভোগ করবে।

আমার মনে হয় আর্জেন্টিনা অন্যতম ফেভারিট হয়েই কাতারে পা রেখেছে, আরও দুই ফেভারিট হচ্ছে ব্রাজিল ও ফ্রান্স। তবে এই দলগুলোর বাইরেও আরও অনেকগুলো ভালো দল আছে যারা টুর্নামেন্টে শেষ পর্যন্ত টিকে থাকার জন্য লড়াই করবে। এই বিশ্বকাপটা হবে কঠিন বিশ্বকাপ। প্রতিপক্ষ সহজ হোক বা দুর্বল, বিশ্বকাপের প্রথম দুটো ম্যাচ যে কোনো দলের জন্যই খুব গুরুত্বপূর্ণ। এটা যে কোনো দলকেই তাদের শক্তিশালী দিক আর দুর্বল দিক খুঁজে পেতে সহায়তা করবে। এই দুটো ম্যাচ যে কোনো দলকেই মাঠটা কেমন, পরিবেশটা কেমন সেটা বুঝতে সহায়তা করবে আর আত্মবিশ্বাস অর্জন করতে পারবে। সাবধানী খেলে গ্রুপ পর্বটা সহজে পার হও, পরের পর্ব থেকে আত্মবিশ্বাস নিয়ে খেল।

এই আর্জেন্টিনা দলটার সবচেয়ে বড় শক্তির জায়গা আমার কাছে মনে হয় দলের শক্তিশালী রিজার্ভ বেঞ্চ। দলে একঝাঁক প্রতিভাবান খেলোয়াড় আছে। মেসির দলটা কোনো ম্যাচ না হেরেই বিশ্বকাপে খেলতে এসেছে। কোচ লিওনেল স্কালোনি অনেকদিন ধরেই এই খেলোয়াড়দের চেনে এবং জানে।

তবে তাকে সতর্ক থাকতে হবে কারণ অনেক সময় গোটা ম্যাচ ভালো খেলেও শেষ মুহূর্তে দুর্ভাগ্যজনক কোনো কারণে ম্যাচ হারতে হতে পারে। সব খেলোয়াড়ই ইউরোপে ক্লাব ফুটবল মৌসুমের মাঝপথে জাতীয় দলে এসে যোগ দিয়েছে। এটা খেলোয়াড়দের খুব সাহায্য করবে কারণ ফ্রান্সের ফুটবল লিগ অনেক কঠিন। বিশ্বকাপে রেফারিরা অনেক বেশি কড়া। প্রতিপক্ষও কঠিন। মেসির অবশ্য এরই মধ্যে সব কিছু সহ্য করে নেওয়ার অভিজ্ঞতা হয়ে গেছে।

আমার আর আমার সব সতীর্থের জন্য, ১৯৮৬’র বিশ্বকাপটা ছিল খুবই কঠিন। আমরা যখন মেক্সিকো পৌঁছাই তখন খুব চাপের মধ্যে ছিলাম। তবে ১৯৯০’র বিশ্বকাপটা আমাদের কাছে ছিল অনেক বেশি আবেগের। আমরা চোট-জর্জর হয়ে বিশ্বকাপে পৌঁছেছিলাম। আমরা ফাইনালে উঠলাম আর আমরা অন্যায্যভাবে হেরে গেলাম। যেসব খেলোয়াড়কে আমরা সেমিফাইনালে আসতে আসতে হারিয়েছি, কোনো সন্দেহ নেই তাদের ফাইনালে পেলে গল্পটা অন্য রকম হতে পারত। তবে মেসি আর তার দলের পরিস্থিতিটা আলাদা। তারা এসেছে দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়ন হয়ে। তাদের ওপর খুব বেশি চাপ নেই, খুব বেশি খেলোয়াড়ের চোটও নেই।

মেসি, এই বিশ্বকাপটা ম্যারাডোনার জন্য জিতে নাও আর শিরোপাটা তাকে উৎসর্গ করো। এটাই হতে পারে ম্যারাডোনার প্রতি শ্রেষ্ঠ শ্রদ্ধাঞ্জলি। আর্জেন্টিনার জার্সিতে বিশ্বকাপে খেলাটা একজন খেলোয়াড়ের জন্য সবচেয়ে গৌরবের মুহূর্ত, একই সঙ্গে সবচেয়ে কঠিনও। টাকা-পয়সা কিছু না, এই আকাশি-নীল জার্সির মূল্য অনেক বেশি। শুধু আমার একার নয়, গোটা আর্জেন্টিনার মানুষেরই আশা, মেসি ৩৬ বছর পর বিশ্বকাপটা উৎসর্গ করবে বিশ্বের শ্রেষ্ঠ ফুটবলার ম্যারাডোনাকে, যে দুই বছর আগে এই নভেম্বর মাসেই পৃথিবী থেকে চিরবিদায় নিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত