মোহাম্মদপুর কৃষি মার্কেটে ৫৩০ বস্তা চিনি জব্দ

আপডেট : ২২ নভেম্বর ২০২২, ০৭:০৬ পিএম

রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটের ২ দোকান থেকে অবৈধভাবে মজুত করা ৫৩০ বস্তা চিনি আটক করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

মঙ্গলবার অধিদপ্তরের চার সহকারী পরিচালক কৃষি মার্কেটে অভিযান চালিয়ে এসব চিনি জব্দ করেন। 

সহকারী পরিচালক শরীফুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করে বলেন, এসব বস্তার প্রতিটিতে ৫০ কেজি করে চিনি ছিল। অর্থাৎ মোট জব্দকৃত চিনির পরিমাণ ২৬ হাজার ৫০০ কেজি।  

শরীফুল ইসলাম বলেন, কৃষি মার্কেটের বিসমিল্লাহ ট্রেডার্স ও সততা ট্রেডার্সের মালিকরা অবৈধ উদ্দেশ্যে এসব চিনি মজুত করে রেখেছিল। বাজারে সর্বোচ্চ ১০২ টাকা কেজি দরে চিনি বিক্রির সরকারি নির্দেশ থাকলেও, তারা বাজারে চিনির স্বল্পতার সুযোগ নিয়ে বেশি দামে এসব চিনি বিক্রির উদ্দেশে মজুত করে রেখেছিল।

বিসমিল্লাহ ট্রেডার্সকে ৫০ হাজার ও সততা ট্রেডার্সকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে বলে জানান তিনি।

কৃষি মার্কেটের একাধিক খুচরা বিক্রেতার সঙ্গে কথা বলে জানা যায়, তারা প্রতি কেজি চিনি ১১৫-১২০ টাকায় বিক্রি করেন। পাইকারি বিক্রেতাদের কাছ থেকে তারা এসব চিনি সর্বনিম্ন ১০৭ টাকা কেজি দরে কেনেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত