লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন গতকাল মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুর জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম বর্তমান জেলা সভাপতি মিয়া মো. গোলাম ফারুক পিংকুকে সভাপতি এবং সাধারণ সম্পাদক সংসদ সদস্য নুর উদ্দিন চৌধুরী নয়নকে পুনরায় সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করেন। এর আগে সম্মেলন উদ্বোধন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামাল, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সংসদ সদস্য আবু সাইদ আল মাহমুদ স্বপন, কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, যুব ও ক্রীড়া সম্পাদক হারুনুর রশিদ, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, সংসদ সদস্য আনোয়ার হোসেন খান, মমিন পাটোয়ারী প্রমুখ।
