টাঙ্গাইলে আগামী বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ১৫তম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব। ‘ফ্রেমে ফ্রেমে আগামী স্বপ্ন’ সেøাগানে টাঙ্গাইলের চিলড্রেন’স্ ফিল্ম সোসাইটির উদ্যোগে এই উৎসবের আয়োজন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চিলড্রেন’স্ ফিল্ম সোসাইটি টাঙ্গাইলের সভাপতি ও টাঙ্গাইল উৎসবের পরিচালক মুঈদ হাসান তড়িৎ। সংবাদ সম্মেলনে আয়োজক কমিটির আহ্বায়ক সাম্য রহমান, যুগ্ম আহ্বায়ক এনামুল হাসান বক্তব্য রাখেন।
তিন দিনব্যাপী এ চলচ্চিত্র উৎসবে ১৪টি দেশের ২০টি শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শিত হবে। প্রতিদিন বেলা ১১টা, দুপুর ২টা এবং বিকেল ৫টায় প্রদর্শনী রয়েছে। উৎসবের সকল প্রদর্শনী অভিভাবক, শিশু-কিশোরসহ সবার জন্য উন্মুক্ত থাকবে।
