অর্থ আত্মসাতের অভিযোগ

প্রিমিয়ার ব্যাংকের সাবেক ৬ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

আপডেট : ২৩ নভেম্বর ২০২২, ০২:৫৪ এএম

প্রিমিয়ার ব্যাংকের গুলশান শাখার স্থায়ী আমানত (এফডিআর) ও বিভিন্ন সঞ্চয় হিসাবের ৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকটির ববখাস্তকৃত ছয় কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

অভিযুক্ত সাবেক এই কর্মকর্তারা হলেন এএম ওমর খসরু, আকবর হোসেন, কাজী কাওসার হোসেন, মো. সাহেদ হোসেন, মো. মঞ্জুর হাসান ও রুহুল আমিন।

সোমবার দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১-এ সংস্থার সহকারী পরিচালক আজিজুল হক বাদী হয়ে মামলাটি করেন। গতকাল মঙ্গলবার দুদকের জনসংযোগ দপ্তর এই তথ্য জানায়।

মামলার এজাহারে বলা হয়, অভিযুক্তরা চাকরিরত অবস্থায় পরস্পর যোগসাজশে জাল-জালিয়াত ও প্রতারণার মাধ্যমে ২০১৬ সাল থেকে ২০১৯ সালের জুন মাস পর্যন্ত সময়ে এফডিআর, এসডিএস ও এসএনডিসহ বিভিন্ন সঞ্চয়ী খাতের মুনাফার টাকা বেশি আত্মসাৎ করেছেন। এগুলোর মধ্যে প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের গুলশান শাখার বিভিন্ন গ্রাহকের নামে থাকা চারটি এফডিআরে জমা ১ কোটি ২৫ লাখ ৩৫ হাজার ১২২ টাকা, ২২টি পে-অর্ডারের ২ কোটি ৭৩ লাখ ৬৭ হাজার ৩১২ এবং ৫৯ জন গ্রাহকের নামে থাকা ব্যাংক হিসাব থেকে ৬১৩টি চেক ও একটি ক্রেডিট ভাউচারের ৩৮ কোটি ৩৮ লাখ ৮৩ হাজার ৪৩৫ টাকা। এভাবে ৪২ কোটি ৩৭ লাখ ৮৫ হাজার ৮৬৯ টাকা আত্মসাৎ করেছেন আসামিরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত