কাতার ফুটবল বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই বড় অঘটনের শিকার হয়েছে দুইবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ফিফা র্যাংকিংয়ের ৪৯তমস্থানে থাকা সৌদি আরবের কাছে হেরেছে ২-১ ব্যবধানে।
অবশ্য এই প্রথম নয়, এই নিয়ে ষষ্ঠবারের মত হার দিয়ে ফুটবল বিশ্বকাপ শুরু করল আর্জেন্টিনা। প্রশ্ন, হচ্ছে হার দিয়ে আসর শুরু করলে কেমন করে দলটি।
১৯৩০ সালে প্রথম বিশ্বকাপে রানার্সআপ হয়েছিল আর্জেন্টিনা। ১৯৩৪ সালে দ্বিতীয় আসরে নিজেদের প্রথম ম্যাচেই সুইডেনের কাছে ৩-২ গোলে হেরে বিদায় নেয় তারা। ঐ আসরে প্রথম রাউন্ড থেকে বিশ্বকাপ শেষ হয় আর্জেন্টিনার।
১৯৫৮ সালের বিশ্বকাপেও নিজেদের প্রথম খেলায় পশ্চিম জার্মানির কাছে ৩-১ গোলে হেরে যায় আর্জেন্টিনা। শেষ পর্যন্ত আসরের গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় তারা।
১৯৭৪ বিশ্বকাপের প্রথম ম্যাচে পোল্যান্ডের কাছে ৩-২ গোলে হার বরণ করেছিল আর্জেন্টিনা। সেবার আসরে দ্বিতীয় রাউন্ড পর্যন্ত যেতে পারে তারা।
১৯৭৮ সালে প্রথমবার বিশ্বকাপ জেতা আর্জেন্টিনা ১৯৮২ সালের আসরে প্রথম ম্যাচে বেলজিয়ামের কাছে ১-০ ব্যবধানে হারে। দ্বিতীয় রাউন্ড থেকে ঐ আসর শেষ করে তারা।
১৯৮৬ সালে ডিয়েগো ম্যারাডোনার হাত ধরে দ্বিতীয় বিশ্বকাপ জিতে আর্জেন্টিনা। ১৯৯০ বিশ্বকাপে ক্যামেরুনের কাছে নিজেদের প্রথম ম্যাচে ১-০ গোলে হারতে হয় দলটিকে। হার দিয়ে শুরু হলেও সেবার আসরের ফাইনাল খেলে আর্জেন্টিনা। কিন্তু পশ্চিম জার্মানির কাছে ফাইনালে হেরে যায় তারা।
