সাগরে ভাসবে বিলাসবহুল ভ্রমণতরী (ক্রুজ শিপ) ‘এমভি বে ওয়ান’। চট্টগ্রাম-সেন্টমার্টিন রুটে জাহাজটি আগামী ৮ ডিসেম্বর যাত্রা শুরু করবে। ৪০০ ফুট দৈর্ঘ্যরে সাততলাবিশিষ্ট বিলাসবহুল এই প্রমোদতরীতে ১ হাজার ৮০০ আসন রয়েছে। জাহাজটিতে সাধারণ চেয়ার থেকে বিলাসবহুল কেবিন, সি-ভিউ ও রুফটপ বুফে এবং একাধিক ট্র্যাডিশনাল রেস্তোরাঁ, আইসক্রিম ও কফি বার, ব্র্যান্ড শপ সব আছে। জাহাজ পরিচালনা ও পর্যটকদের সেবা দেওয়ার জন্য ১০০-এর বেশি নাবিক ও স্টুয়ার্ড রয়েছেন।
গতকাল নগরীর পতেঙ্গা ওয়াটার বাস টার্মিনালে অবস্থানরত ‘এমভি বে ওয়ান’-এ আয়োজিত সংবাদ সম্মেলনে কর্ণফুলী ক্রুজলাইন কর্তৃপক্ষ এ তথ্য জানায়।
সংবাদ সম্মেলনে বলা হয়, জনপ্রিয় প্রমোদতরীটি চট্টগ্রামের পতেঙ্গা থেকে প্রতি বৃহস্পতিবার রাত ১০টায় ছেড়ে শুক্রবার ভোরে সেন্টমার্টিনে পৌঁছাবে এবং এক দিন এক রাত সেখানে অবস্থান করে শনিবার সকাল ১০টায় সেন্টমার্টিন থেকে রওনা দিয়ে সন্ধ্যায় চট্টগ্রামে ফিরবে।
