বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব ও সম্প্রীতি বাংলাদেশের সভাপতি পীযুষ বন্দ্যোপাধ্যায় বলেছেন, সম্প্রীতি বিনষ্টকারীরা কখনোই মানুষের ভালো চায় না। তারা সব সময়ই দেশের সুনাম ক্ষুণ্ণ করার চেষ্টা করছে। সময় এসেছে এদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর। আমরা দেশ ও জাতির সম্প্রীতি রক্ষায় কাজ করছি। আমাদের এ কাজ চলমান। ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার থাকতে হবে।
গতকাল শুক্রবার (২৫ নভেম্বর) রাতে বাগেরহাট শহরের এসিলাহা মিলনায়তনে সম্প্রীতি বাংলাদেশ, বাগেরহাট জেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতিসভা ও সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সম্প্রীতি বাংলাদেশ বাগেরহাট জেলা শাখার আহ্বায়ক অ্যাডভোকেট মিলন কুমার ব্যানার্জির সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন বাগেরহাটের জেলা প্রশাসক মো. আজিজুর রহমান, পুলিশ সুপার কে এম আরিফুল হক, সাবেক সচিব মোহাম্মদ নাসির উদ্দিন আহমেদ, সম্প্রীতি বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মোজাফফর হোসেন, বাগেরহাট জেলা কমিটির সদস্যসচিব শেখ লিয়াকত হোসেন লিটন, ইউপি চেয়ারম্যান আক্তারুজ্জামান বাচ্চু প্রমুখ।
সমাবেশে বিভিন্ন সরকারি-বেসরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, ধর্মীয় নেতাসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন। সমাবেশ শেষে জেলা কমিটির আয়োজনে বাউল সংগীত পরিবেশন করা হয়।
