বগুড়া শহরের বৃন্দাবনপাড়ায় গত শুক্রবার রাতে জামাল উদ্দিন খাজাকে (৬৫) তার স্ত্রী মোছা. জেসমিনের (৫০) প্রেমিক মোজাফফর হোসেন (৬০) খুন করেছেন বলে দাবি করেছে পুলিশ। গত শনিবার রাত ১১টার দিকে এক ই-মেইল বার্তায় এমন দাবি করেন জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি সাইহান ওলিউল্লাহ।
সাইহান ওলিউল্লাহর ভাষ্যমতে, গত শনিবার সকালে শহরের বৃন্দাবনপাড়ার পূর্বপাড়ায় খাজার ঘর থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় গ্রেপ্তার মোজাফফর জেলার শাজাহানপুর উপজেলার রানীরহাট বয়রাদিঘী এলাকার মৃত অছিমুদ্দিনের ছেলে। হত্যাকাণ্ডে ব্যবহৃত শাবলটিও উদ্ধার করা হয়েছে।
তিনি আরও বলেন, দুই বছর ধরে জামাল উদ্দিন খাজার স্ত্রী মোছা. জেসমিনকে বিয়ে করার চেষ্টা করছিলেন মোজাফফর। তাদের মধ্যে একসময় প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু জামাল উদ্দিন খাজা স্ত্রীকে না ছাড়ায় গত শুক্রবার রাতে তাকে শাবল দিয়ে আঘাত করে হত্যা করেন মোজাফফর। তিনি পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছেন।
