'টেক ব্যাক নয়, জনগণ গো এহেড বাংলাদেশে বিশ্বাস করে'

আপডেট : ২৮ নভেম্বর ২০২২, ১০:৩৩ পিএম

৪ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার চট্টগ্রাম সফরকে কেন্দ্র করে মহানগর আওয়ামী লীগের চলমান কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে মহানগর আওয়ামী লীগের এক মত বিনিময় সভা সোমবার (২৮ নভেম্বর) বিকেলে অনুষ্ঠিত হয়।

মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও মেয়র মরহুম জননেতা চট্টলবীর মহিউদ্দিন চৌধুরীর বাসভবনে মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি বেগম হাসিনা মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, খোরশেদ আলম সুজন, আলতাব হোসেন চৌধুরী বাচ্চু, যুগ্ম সাধারন সম্পাদক বদিউল আলম, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান ও নগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আবদুচ ছালাম, সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, তথ্য ও গবেষনা সম্পাদক চন্দন ধর, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরী, শ্রম সম্পাদক আবদুল আহাদ, নগর শ্রমিকলীগের সভাপতি বখতিয়ার উদ্দিন খান, কাউন্সিলর ও নগর আওয়ামীলীগের সদস্য মোহাম্মদ জাবেদ, কাউন্সিলর ও মহানগর মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিলু নাগ, মহিলা আওয়ামী লীগ এর যুগ্ম সাধারন সম্পাদক মালেকা চৌধুরী প্রমূখ।

সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রিয় নেত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে চট্টগ্রামের আপামর জনসাধারন উদ্বেলিত। সর্বস্তরের মানুষের উৎসাহব্যঞ্জক উপস্থিতিতে পলো গ্রাউন্ডের জনসভা আম জনতার মিলনমেলায় পরিণত হবে। আমরা সকল শ্রেণি-পেশার মানুষকে নিয়ে প্রমাণ করব বাংলাদেশ কখনোই জামায়াত-বিএনপির জঙ্গিবাদ ও দুর্নীতির কালো সময়গুলোতে ফিরবে না। চট্টগ্রামসহ দেশের আপামর জনতা উন্নয়নের নেত্রী, মানবতার নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে সামনে রেখে সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। বাংলার মানুষ ষড়যন্ত্রের সূতিকাগারে প্রসুত বিএনপি ও স্বাধীনতাবিরোধী চক্রের ‘টেক ব্যাক বাংলাদেশ’ শ্লোগানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ‘গো এহেড’ শ্লোগানে ঐক্যবদ্ধ হয়ে আবারও শেখ হাসিনাকে বিপুল ভোটে বিজয়ী করে প্রধানমন্ত্রীর দায়িত্ব অর্পন করবে। ৪ তারিখ চট্টগ্রাম থেকে আওয়ামী লীগ ও শেখ হাসিনার বিজয় ঢংকার ধ্বনি সারা বাংলায় ছড়িয়ে দেব আমরা ইনশাআল্লাহ।

প্রসঙ্গত, মঙ্গলবার (২৯ নভেম্বর) সকাল ১১টায় চট্টগ্রাম প্রেসক্লাব চত্বর থেকে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জনসভা সফল করাতে ঘোড়ারগাড়িতে প্রচারণা উদ্বোধন ও বিকেল তিনটায় ট্রাক যোগে প্রচারপত্র বিতরণ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত