বিশ্বকাপে রংধনু পতাকা নিয়ে মাঠে দর্শক

আপডেট : ২৯ নভেম্বর ২০২২, ০৫:০৫ পিএম

কাতার বিশ্বকাপে পর্তুগাল ও উরুগুয়ে ম্যাচের মাঝে রংধুনু পতাকা নিয়ে মাঠে ঢুকে পড়েছিলেন এক ব্যক্তি। এ সময় তার গায়ে ছিল স্লোগান সংবলিত টি-শার্ট।

টি-শার্টের সামনে অংশে লেখা ছিল ‘সেভ ইউক্রেন’, অর্থাৎ ‘ইউক্রেনকে বাঁচাও’। পেছনের অংশে লেখা ছিল- ‘ইরানি নারীদের প্রতি সম্মান’। 

সোমবার ‘এইচ’ গ্রুপের ম্যাচে ২-০ ব্যবধানে জয় তুলে নেয় পর্তুগাল। দুটি গোলই করেন ব্রুনো ফের্নান্দেস। সুবাদে তাদের নকআউট পর্বও নিশ্চিত হয়।

ওই ঘটনাটি ঘটে ৫৪তম মিনিটে ফের্নান্দেসের প্রথম গোলের কিছুক্ষণ আগে। নিরাপত্তা কর্মীরা তাকে ধরে নিয়ে যাবার আগে আনুমানিক ৩০ সেকেন্ড মাঠে অবস্থান করেন ওই ব্যক্তি।

ওই অনুপ্রবেশকারীর পরিচয় পাওয়া গেছে। তার নাম মারিও ফেরি। তিনি ইতালির নাগরিক এবং সংবাদ সংস্থা এজিআই এর প্রতিনিধি। ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপসহ এর আগেও তিনি একই ধরনের প্রতিবাদ করেছেন। যেখানে তিনি দারিদ্র্য জর্জরিত শিশুদের বিষয় উত্থাপন করেছিলেন।

সমকামীদের অধিকার ও রংধনু পতাকা এবারের কাতার বিশ্বকাপের একটি গুরুত্বপূর্ণ ইস্যুতে পরিণত হয়েছে। কারণ মধ্যপ্রাচ্যের মুসলমান অধ্যুষিত দেশটিতে সমকামিতা অবৈধ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত