দল-মত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসার আহ্বান ফখরুলের

আপডেট : ২৯ নভেম্বর ২০২২, ০৮:৪৯ পিএম

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বর্তমান অবৈধ সরকারের ভয়াবহ দুঃশাসন ও অনাচারের করাল গ্রাস থেকে এখনই দেশকে মুক্ত করতে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। নইলে জাতি হিসেবে আমাদের অস্তিত্ত্ব ধ্বংস হয়ে যাবে।’

মঙ্গলবার (২৯ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, ‘গত সোমবার সন্ধ্যায় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীমের ধানমন্ডির বাসভবনে পুলিশের অতর্কিত অভিযান চালিয়ে নেতাকর্মীদের গ্রেপ্তার করেছে। এছাড়া মঙ্গলবার ভোলার চরফ্যাশনে যুবদলের শান্তিপূর্ণ মিছিলে আওয়ামী লীগের নেতাকর্মীরা নৃশংস হামলা চালিয়ে শতাধিক নেতাকর্মীকে আহত করেছে। সোমবার জামালপুর জেলাধীন মেলান্দহ পৌর বিএনপি নেতা আমিনুল ইসলাম রেনু, আব্দুল আজিজ, স্বেচ্ছাসেবক দল নেতা মো. নবীনসহ ৫ জন নেতাকর্মীকে গ্রেপ্তার এবং নেত্রকোনা জেলাধীন পূর্বধলা উপজেলা বিএনপি নেতা আবু তাহের তালুকদার, শহীদুল্লাহ ইমরান, সায়েদুর রহমান তালুকদার, বাবুল আলম তালুকদারসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের ২৫ জন নেতাকর্মীর নামে মিথ্যা মামলা, মেহেরপুরে নেতাকর্মীদের নামে ষড়যন্ত্রমূলক মামলা দায়েরের ঘটনা ঘটেছে। আমি এসব ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’

বিবৃতিতে তিনি বলেন, ‘২০১৪ এর ৫ জানুয়ারির মতো এবং ৩০ ডিসেম্বর ২০১৮ সালে আবারও প্রহসন ও জোরজবরদস্তির নির্বাচন করে ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে বর্তমান শাসকগোষ্ঠী বিএনপিসহ বিরোধী দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে বানোয়াট মামলা দায়ের, গ্রেপ্তার ও কারান্তরীনের পাশাপাশি বিরামহীন দমন-পীড়ন অব্যাহত রেখেছে। মানুষের মৌলিক মানবাধিকারকে তোয়াক্কা না করে দেশ শাসনের ফলে বর্তমানে এক গভীর সংকটে নিমজ্জিত দেশের মানুষ।’

সারাদেশে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা দায়েরের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন মির্জা ফখরুল। অবিলম্বে গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি এবং মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত