লঞ্চের স্টিয়ারিং হুইল হাতে ইছামতীর বুকে মমতা

আপডেট : ৩০ নভেম্বর ২০২২, ০৪:৩২ পিএম

সুন্দরবন সফরের দ্বিতীয় দিনে লঞ্চ চালালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা লতা বন্দ্যোপাধ্যায়।

সুন্দরবন সফরের প্রথম দিনেই সরকারি কর্মকর্তাদের কাজে প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ করতে দেখে গেল তাকে। হিঙ্গলগঞ্জে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে তার কম্বল বিতরণের কথা থাকলেও সেগুলো মঞ্চে না থাকায় জেলা প্রশাসক এবং স্থানীয় বিডিওর ওপর ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী।

বুধবার অবশ্য খোশমেজাজেই দেখা গেল তাকে। জানা গেছে, ইছামতীতে লঞ্চে চেপে সুন্দরবনের উপকূল এলাকা পরিদর্শনে যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর। সে অনুযায়ী মুখ্যমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে সময়মতো লঞ্চ ছাড়ে।

চালকের কেবিনে বসে থাকা মমতা লঞ্চ চালানোর ইচ্ছা প্রকাশ করেন। তার পরই দেখা যায়, পেশাদার চালকের মতোই চাকা ঘুরিয়ে লঞ্চ চালাচ্ছেন তিনি। 

এর আগেও তাকে নানা কাজে উৎসাহ প্রকাশ করতে দেখা গেছে। কখনও জেলা সফরে যাওয়ার পথে চায়ের দোকানে গাড়ি থামিয়ে চা বানিয়েছেন তিনি, কখনও আবার ভোটের প্রচারে বেরিয়ে স্কুটারও চালিয়েছেন।

রাজনীতির বাইরেও এসবে তার বিশেষ উৎসাহ নিজেই বহুবার জানিয়েছেন মমতা বন্দোপাধ্যায়। ইছামতীতে লঞ্চ চালানোর পর একটি গ্রামে গিয়ে গ্রামবাসীদের সঙ্গে মধ্যাহ্নভোজ সারেন তিনি। সূত্র : আনন্দবাজার

×
সর্বশেষ সর্বাধিক পঠিত