খালেদা জিয়া ১০ ডিসেম্বর সমাবেশে গেলে আদালত ব্যবস্থা নেবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ৩০ নভেম্বর ২০২২, ০৬:০২ পিএম

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ১০ ডিসেম্বর ঢাকার বিভাগীয় সমাবেশে যোগ দিলে আদালত প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। 

তিনি বুধবার ‌(৩০ নভেম্বর) ঢাকার রাজারবাগ এলাকায় বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্কের বার্ষিক প্রশিক্ষণ অনুষ্ঠানে বক্তৃতায় বলেন, ‌খালেদা জিয়া শর্তসাপেক্ষে কারাগারের বাইরে আছেন এবং তিনি জনসভায় যোগ দিলে আদালত ব্যবস্থা নেবে।

বিএনপিকে ১০ ডিসেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার তাদের সুষ্ঠুভাবে সমাবেশ করার অনুমতি দিয়েছে। তারা যদি কোনো ধরনের সহিংসতার সূচনা করে তাহলে সেটা হবে বড় ভুল।

মন্ত্রী বলেন, সোহরাওয়ার্দী উদ্যান বা মানিক মিয়া এভিনিউতে সমাবেশ করার অনুমতি চেয়েছিল বিএনপি। মানিক মিয়া এভিনিউ, যেখানে জাতীয় সংসদ অবস্থিত, একটি সীমাবদ্ধ এলাকা হওয়ায় তারা সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠান করার অনুমতি পেয়েছে।

আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, আমরা তাদের বলেছি যে তারা রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারবে কারণ এটি তাদের রাজনৈতিক অধিকার। তবে সমাবেশের নামে বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টি করতে দেওয়া হবে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত