৬০-এ গিয়েও যেভাবে মিলিন্দ সোমানের মতো ফিট থাকবেন

আপডেট : ০১ ডিসেম্বর ২০২২, ০৯:১৪ এএম

ছ'ফুট উচ্চতা, কাঁচা-পাকা দাড়ি, সুঠাম দেহ- ৫৬ বছরেও অভিনেতা-মডেল মিলিন্দ সোমনকে দেখে দুর্বল বহু নারীহৃদয়। কেবল নারী অনুরাগীদের মন জয় করেননি অভিনেতা, ফিটনেসের জন্য পুরুষদের কাছেও মিলিন্দ সোমান এক অনুপ্রেরণা। ষাঁট ছুঁই ছুঁই মিলিন্দের ফিট চেহারার কাছে হার মানবে বহু তরুণ।

শারীরিক কসরত ও ডায়েটের কড়াকড়ি- এই দুইয়ের জেরেই কি এখনও মিলিন্দ এতটা ফিট? মিলিন্দের ফিট থাকার রহস্যটা কী?

স্ত্রী অঙ্কিতাও বেশ ফিটনেস ভক্ত। প্রায়ই স্ত্রীর সঙ্গে শরীরচর্চার ভিডিয়ো নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেন মিলিন্দ। ফিটনেসসংক্রান্ত নানা টোটকা ভক্তদের সঙ্গে শেয়ার করেন। সম্প্রতি মিলিন্দ পুল আপ করার ভিডিও শেয়ার করেন। ভিডিওতে দেখা যাচ্ছে, গুনে গুনে ১৫বার পুল আপ করছেন অভিনেতা। ভিডিওর ক্যাপশনে লিখেছেন, 'আজকের জন্য ১৫টি পুল আপ যথেষ্ট।'

দিনে কতক্ষণ শরীরচর্চা করলে তবে মিলিন্দের মতো ফিট থাকা যায়?

মিলিন্দ বলেন, 'অনেকেই মনে করেন, ঘণ্টার পর ঘণ্টা শরীরচর্চা করলেই বুঝি ফিট থাকা যায়। তবে আদৌ সেই দাবি ঠিক নয়। সবার আগে নিজের লক্ষ্যে স্থির থাকুন। যেটুকু প্রয়োজন সেটুকুই করুন, যেভাবে ইচ্ছে সেভাবে করুন। আমি মনে করি, ফিট থাকার জন্য প্রতিদিন ১৫ থেকে ২০ মিনিট বিভিন্ন রকম ব্যায়ামই যথেষ্ট।'

এর আগে এক সাক্ষাৎকারে মিলিন্দ আরও বলেছিলেন, 'আমি শরীরচর্চা করি না, এমন কোনো দিন নেই। তবে অনেকেই হয়তো জানেন না, আমি দিনে মাত্র ১০-১৫ মিনিট ব্যায়াম করি। তা-ও টানা একেবারে নয়, সারা দিনে যখন সময় পাই, তখন ব্যায়াম করি। শুনতে অবাক লাগলেও আমি কোনো দিন জিমে যাইনি। শরীরচর্চার জন্য আমি কোনো ভারী যন্ত্রও কোনোদিন ব্যবহার করি না। আমার মতে, আপনার মন চনমনে থাকলেই শরীরও ফিট থাকবে।'

×
সর্বশেষ সর্বাধিক পঠিত