১০ ডিসেম্বর নাশকতার চেষ্টা করলে বিএনপির খবর আছে: কাদের

আপডেট : ০২ ডিসেম্বর ২০২২, ০২:২৮ পিএম

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি জঙ্গিদের মাঠে নামিয়েছে। অস্ত্রবাজদের মাঠে নামিয়েছে। আমাদের কাছে খবর আছে, তাদের কাছে বস্তা বস্তা টাকা আসে দুবাই থেকে। যদি তারা ১০ ডিসেম্বর সমাবেশের নামে নাশকতার চেষ্টা করে তাহলে তাদের খবর আছে।

শুক্রবার (২ ডিসেম্বর) রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন।

বিএনপি জঙ্গিদের মাঠে নামিয়েছে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, আগুন নিয়ে খেলা শুরু হয়ে গেছে। গত পরশু বিআরটিসি বাস মতিঝিলে পুড়িয়ে দেয়া হয়েছে। তারা জানান দিয়েছে যে, আবার তারা ফিরে আসছে। সবাইকে সতর্ক থাকতে হবে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, খেলা হবে, দুর্নীতির বিরুদ্ধে খেলা হবে, নির্বাচনে, ডিসেম্বরে খেলা হবে। আপনারা সমাবেশ করবেন সুশৃঙ্খলভাবে, মারামারি নয়। এসময় তিনি বিএনপিকে উদ্দেশ্যে করে বলেন, পাল্টা আক্রমণ হলে আমরাও পাল্টা আক্রমণ করব কি না সেটা সময় বলে দেবে।

আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে সতর্ক পাহারা দিতে হবে। বিএনপিকে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি দেয়া হয়েছে। কিন্তু সোহরাওয়ার্দী উদ্যান তাদের পছন্দ নয়, পাক হানাদার বাহিনী আত্মসমর্পণ করেছে সেই জায়গা তাদের পছন্দ নয়। ১০ ডিসেম্বর থেকেই কিন্তু বুদ্ধিজীবী হত্যা শুরু হয়েছিল।

পরিবহন ধর্মঘট হবে না জানিয়ে সেতুমন্ত্রী বলেন, নেতারা অনুরোধ রেখেছেন আপনাদের বিভিন্ন জায়গার সমাবেশে। তবে সমাবেশের নামে যদি কোনো বিশৃঙ্খলা করা হয়, কোনো সহিংসতা করা হয়, সন্ত্রাসী কর্মকাণ্ড করা হয়, আওয়ামী লীগের নেতাকর্মীরা জনগণকে সঙ্গে নিয়ে এর সমুচিত জবাব দেবে।

তিনি বলেন, তারেক রহমান সিঙ্গাপুরে টাকা পাচার করেছে। খেলা হবে পাচারের বিরুদ্ধে, এখনো যারা পাচার করছে খবর আছে, যারা পাচার করছেন শেখ হাসিনা কাউকে ক্ষমা করবেন না।

ওবায়দুল কাদের বলেন, সামনে নির্বাচন এখন ড. কামাল হোসেন মুখ খুলেছেন। তিনি বলেছেন বাইরে যেতে হবে, তাই নাকি সরকার টাকা পাচার করছে। কামাল হোসেন হলেন রহস্যপুরুষ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত